করোনা আতঙ্কে থমকে গেছে গোটা দুনিয়া। থেমে গেছে ক্রীড়া জগত। খেলা নেই, কার্যত অলস সময় পার করছেন খেলোয়াড় থেকে শুরু করে এর সাথে সংশ্লিষ্ট সবাই।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলও (আইসিসি) সুরক্ষার স্বার্থে কর্মকর্তা-কর্মচারীদের বাড়ি থেকে কাজ করতে বলেছে। ঘরে বসেই কার্যক্রম চালাচ্ছে আইসিসি’র অফিসিয়াল ফেসবুক পেইজ, টুইটার একাউন্টও।
এরই অংশ হিসেবে পুল শট সংক্রান্ত আইসিসির এক টুইট ভাইরাল হয়েছে। তাতে ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি স্যার ভিভিয়ান রিচার্ডস, অস্ট্রেলিয়ার রিকি পন্টিং, ভারতের বিরাট কোহলি ও দক্ষিণ আফ্রিকার হার্শাল গিবসের ছবি চারটি ফ্রেমে কোলাজ করে বসানো হয়েছে।
পোস্টে লেখা আছে, অতীত থেকে বর্তমান, কোন ব্যাটসম্যানের হাতে সেরা পুল শট রয়েছে বলে আপনাদের মনে হয়।
সেখানে নিজেকে না দেখে মেনে নিতে পারেননি ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক রোহিত শর্মা।
জবাব দিতে গিয়ে তিনি বলেন, এখানে কোনও এক ব্যাটসম্যানকে খুঁজে পাওয়া যাচ্ছে না মনে হয়। আসলে বাড়িতে থেকে কাজ করা সহজ নয়।
বিশ্ব ক্রিকেটের নীতি-নির্ধারণী সংস্থার টুইটের জবাব দিয়েছেন ভারতের সাবেক অফস্পিনার হরভজন সিং। পন্টিংয়ের পাশাপাশি ছবিতে না থাকা সত্ত্বেও রোহিতকেই সেরা পুল শট মারা ক্রিকেটার হিসেবে বেছে নিয়েছেন তিনি।
২০১৯ সালে ওয়ানডেতে সর্বোচ্চ রান করেন রোহিত। ইংল্যান্ড বিশ্বকাপে পাঁচটি শতরান করেন তিনি। সাবলীল পুল কিংবা হুক শট মেরে বল বাউন্ডারির বাইরে পাঠানো তার কাছে কোনও ব্যাপারই নয়। সেরা পুল করা ব্যাটসম্যানদের মধ্যে বর্তমানে তাকেই সেরা মানেন অনেকেই।

