নিম্নমুখি প্রবণতায় শেষ হয়েছে লেনদেন




দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের নিম্নমুখি প্রবণতায় শেষ হয়েছে লেনদেন, তবে ব্লু-চিপ ঊর্ধ্বমুখি। দুই স্টক এক্সচেঞ্জেই দর কমেছে অধিকাংশ সিকিউরিটিজের।
দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১১ দশমিক ৯৭ পয়েন্ট বা দশমিক ১৯ শতাংশ কমে ৬ হাজার ১৯৮ দশমিক ৫৩ পয়েন্টে নেমে গেছে। তবে ১ দশমিক ৩৪ পয়েন্ট বা দশমিক শূন্য ৬ শতাংশ বেড়ে ২ হাজার ২৬২ দশমিক ৭৯ পয়েন্টে উঠেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস৩০।
এদিকে ৩ দশমিক ২২ পয়েন্ট বা দশমিক ২৩ শতাংশ কমে ১ হাজার ৩৯১ দশমিক ৪২ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ১২ কোটি ৩৯ লাখ ৬৪ হাজার ৩৪৯টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৪৪৮ কোটি ১২ লাখ ৬৫ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৪৭৭ কোটি ৫৫ লাখ ৬৩ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ১১৩টির, কমেছে ১৫৪টির ও অপরিবর্তিত ছিল ৬৮টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসইর) ব্রড ইনডেক্স সিএসসিএক্স ৩১ দশমিক ৭৫ পয়েন্ট কমে ১১ হাজার ৫৮৬ দশমিক ৭৫ পয়েন্টে নেমে গেছে। তবে ৩ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৯৭ দশমিক ২১ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০।
সিএসইতে কেনাবেচা হয়েছে ২০ কোটি ৭৩ লাখ ৭৭ হাজার ৮৮১ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ৪০ কোটি ১১ লাখ ৯৭ হাজার ৬৬০ টাকা। এদিন লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৭৬টির, কমেছে ১২১টির ও অপরিবর্তিত ছিল ৩২টির বাজারদর।