দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। দিনের শুরুতে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হলেও দিন শেষে কমেছে সবগুলো সূচকই। দুই স্টক এক্সচেঞ্জেই দর কমেছে অধিকাংশ সিকিউরিটিজের। তবে উভয় স্টক এক্সচেঞ্জেই বেচাকেনা বেড়েছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স ডিএসইএক্স ১৯ দশমিক ৮১ পয়েন্ট বা দশমিক ৩৪ শতাংশ কমে দাঁড়ায় ৫ হাজার ৮৫৯ দশমিক ৬১ পয়েন্টে। এদিকে ১১ দশমিক ৯৫ পয়েন্ট বা দশমিক ৫৪ শতাংশ কমে ২ হাজার ১৯৫ দশমিক ৬৬ পয়েন্টে নেমেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস ৩০। আর ২ দশমিক ৬৪ পয়েন্ট বা দশমিক ১৯ শতাংশ কমে ১ হাজার ৩৬০ দশমিক ৩৯ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ২৩ কোটি ৬৫ লাখ ৪৮ হাজার ২৫৭টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৭১০ কোটি ৯৬ লাখ ৮৮ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৬৯১ কোটি ৫২ লাখ ৩৮ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ১২২টির, কমেছে ১৮৪টির ও অপরিবর্তিত ছিল ৩২টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসসিএক্স ৪১ দশমিক ৫ পয়েন্ট কমে ১০ হাজার ৯৩৩ দশমিক ১৬ পয়েন্টে নেমে যায়। আর ৫৫ দশমিক ৭৬ পয়েন্ট কমে ১৬ হাজার ৬১৪ দশমিক ৮২ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ৪৫ কোটি ২৩ লাখ ৯৩ হাজার ৭১৭ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ৩২ কোটি ৯৫ লাখ ২৪ হাজার ২৯১ টাকা।
