স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসন্ন জাতীয় নির্বাচন বানচাল করার চেষ্টা করবে। রোববার (৩১ আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
তিনি বলেন, বৈঠকে পুলিশের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি, পুলিশ সংস্কার কমিশন, রাজনৈতিক দলগুলোর কার্যক্রম, মাদক নিয়ন্ত্রণ, এবং সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানি ও মিথ্যা তথ্য প্রচারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
নির্বাচন ও রাজনৈতিক দলের কার্যক্রম নিয়ে প্রশ্নে তিনি বলেন, “ফ্যাসিস্ট সরকারের পতনের সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল, তা ধরে রাখা অত্যন্ত জরুরি। জাতির বৃহত্তর স্বার্থে এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় সব রাজনৈতিক দলকে ব্যক্তিগত ও দলীয় স্বার্থ ত্যাগ করে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ঐক্যে ফাটল ধরলে ফ্যাসিস্টদের দোসররা বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির সুযোগ নিতে পারে।”
জাহাঙ্গীর আলম আরও বলেন, “আগামী নির্বাচন কতটা নিরপেক্ষ, নিরাপদ ও সুষ্ঠু হবে, তা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের ওপর। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে পূর্ণ সহযোগিতা করবে। আমরা এ জন্য সম্পূর্ণ প্রস্তুত।” তিনি জোর দিয়ে বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। “অন্তর্বর্তী সরকার সবার সহযোগিতায় একটি অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন উপহার দিতে পারবে বলে আমরা আশাবাদী।”
পুলিশের নিরপেক্ষতার পাশাপাশি নিষ্ক্রিয়তার বিষয়ে প্রশ্ন উঠলে তিনি বলেন, “পুলিশ যদি সক্রিয় হয়, তখন বলা হয় তারা বাড়াবাড়ি করছে। ক্রিকেটের মতো সীমানা টানা মানুষের ক্ষেত্রে সম্ভব নয়। আমরা চেষ্টা করছি। গতকাল কেউ আগুন ধরিয়েছে, পুলিশ আগেই ব্যবস্থা নিলে বলা হতো শান্তিপূর্ণ অনুষ্ঠানে বাধা দেওয়া হচ্ছে। তবে, আগুন ধরানোর আগেই পুলিশের পদক্ষেপ নেওয়া উচিত ছিল।”
সাম্প্রতিক বিশৃঙ্খলার ঘটনাগুলো নির্বাচন বানচালের ষড়যন্ত্র কিনা—এমন প্রশ্নে তিনি বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত। আগামী ৭ সেপ্টেম্বর পুলিশের প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করা হবে। আমরা আমাদের প্রস্তুতি নিচ্ছি। ঘটনাগুলো যাতে কমে যায়, তার জন্য সবার সহযোগিতা প্রয়োজন। সুষ্ঠু নির্বাচনের জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।”

