বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিষয়টি বিএনপি সমর্থন করে না। তিনি জোর দিয়ে বলেন, এই ধরনের পদক্ষেপ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আদালতের সিদ্ধান্তে নির্ধারিত হওয়া উচিত। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) গুলশানে নিজ বাসায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সম্প্রতি জামায়াতে ইসলামীসহ কয়েকটি রাজনৈতিক দল ১৪ দলীয় জোট নিষিদ্ধের দাবি জানিয়েছে। এ প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, “নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না। এটি আদালতের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ায় সমাধান হওয়া উচিত। আইন সংশোধনের মাধ্যমে এখন গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য যেকোনো দলের বিরুদ্ধে আদালত ব্যবস্থা নিতে পারে। আদালতের সিদ্ধান্তের পর নির্বাচন কমিশন তা মানতে বাধ্য। এই প্রক্রিয়ার বাইরে কোনো পদক্ষেপকে বিএনপি সমর্থন করে না।”
তিনি সমানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির বিরোধিতা করে বলেন, “কিছু আসন পাওয়ার লোভে জাতীয় স্বার্থের বাইরে গিয়ে পিআর পদ্ধতি চাওয়া হলে তা ভয়ংকর পরিণতি ডেকে আনবে। আমরা উচ্চ ও নিম্ন সব স্তরে পিআরের বিপক্ষে।” নির্বাচন পেছানোর আশঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচন বিলম্বিত বা বাধাগ্রস্ত করার যেকোনো কৌশল জনগণ প্রত্যাখ্যান করবে। গত ১৬-১৭ বছর ধরে ভোটাধিকার, গণতন্ত্র ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার জন্য জনগণ সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। জনগণই এসব রাজনৈতিক কৌশলের বিচারক।”
তিনি আরও বলেন, “রাষ্ট্রব্যবস্থা সংস্কারের দাবি জনগণের গণদাবিতে পরিণত হয়েছে। এই অধিকার তখনই প্রতিষ্ঠিত হবে, যখন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদ ও সরকার গঠিত হবে। যারা এই পথে বাধা সৃষ্টি করবে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।”

