নেইমারের দলবদল আটকে দিল লা লীগা কর্তৃপক্ষ




গত দুই সপ্তাহ ধরে নেইমার নাটক নিয়ে তোলপাড় ফুটবল মিডিয়া। সেই নাটকের অবসান গতকাল ঘটিয়েছে বার্সেলোনা নেইমারকে ক্লাব ছাড়ার অনুমতি দিয়ে। তবে সে নাটকের এখনই শেষ হয়নি। শেষ দৃশ্যে আবির্ভাব লা লীগা কর্তৃপক্ষের। নেইমারের ‘বার্সেলোনা টু পিএসজি’ দলবদল আটকে দিয়েছে তারা।
নেইমারের জন্য ২২২ মিলিয়ন ইউরো জমা দিয়েও প্রত্যাখ্যাত হয়েছে পিএসজি। ইউরোপীয় ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফার ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে (এফএফপি) নীতির লঙ্ঘনের অভিযোগের কারনে নেইমারের দলবদল আটকে দিয়েছে লা লিগা। এতে দলবদল নিয়ে বেশ অনিশ্চয়তাতেই পড়ে গেলেন ব্রাজিলীয় তারকা।
দল বদল নীতি অনুযায়ী টানা তিন মৌসুমে কোনো ক্লাব ৩০ মিলিয়ন ইউরোর বেশি ক্ষতি দেখাতে পারে না। নেইমারের এই দলবদলে বার্সেলোনাকে ২২২ মিলিয়ন ইউরো পরিশোধ করা ছাড়াও বোনাসের হিসাব আছে। এই বিপুল পরিমাণ অর্থ খরচে নিশ্চিত করেই ক্ষতির মুখে পড়বে পিএসজি। ক্ষতি নিয়েও নেইমারকে কেনার অর্থ হলো পিএসজির আর্থিক ডোপিং বলে মনে করেন লা লিগার প্রেসিডেন্ট হ্যাভিয়ের তেবাস।
আজ বৃহস্পতিবার নেইমারের আইনজীবী হুয়ান দে দিয়োস ক্রেসপো মাদ্রিদে লা লিগার কার্যালয়ে নেইমারের বাই আউট ক্লজের পুরো অর্থ জমা দিতে এসেছিলেন। কিন্তু লা লিগা সে অর্থ গ্রহণ করেনি।
এ বিষয়ে লা লিগা এক বিবৃতিতে বলেছে, ‘আমরা নিশ্চিত করছি, পিএসজির হয়ে খেলোয়াড়ের আইনজীবী যে অর্থ জমা দিতে এসেছিলেন সেটি আমরা প্রত্যাখ্যান করেছি।আপাতত এই তথ্য ছাড়া আমাদের আর কিছু বলা সম্ভব নয়।’