আম্পানের প্রভাবে লণ্ডভণ্ড-বিপর্যস্ত পুরো কলকাতা। বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক না হওয়ায় এ নিয়ে শুরু হয়েছে বিক্ষোভ। সেই প্রসঙ্গেই গতকাল শনিবার (২৪ মে) তার সরকারি বাসভবন নবান্নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, আমরা সাধ্যমতো কাজ করছি। আমি ও আমার টিম কেউ তিনদিন ঘুমাইনি। ২৪ ঘণ্টা ধরে কাজ করছি। সব দলকে বলব, কিছুদিনের জন্য ক্ষান্ত হন। কাজ করতে দিন। পছন্দ না হলে আমাকে গুলি করুন। না হলে আমার মুণ্ড কেটে নিন।’
বিরোধী দলের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, এখন ক্ষুদ্র রাজনীতির সময় নয়। সাম্প্রদায়িকতায় এখন সুড়সুড়ি দেবেন না।
২০০৯ সালের আয়লার প্রসঙ্গও টেনে এনে তিনি বলেন, দুর্যোগ যখন আসে সহ্য করতে হয়। ধৈর্য ধরতে হয়। আয়লার সময় আমি কিন্তু সমালোচনা করিনি।
এদিকে, মমতার এই মনোভাবের সমালোচনায় সরব হয়েছে বিজেপি, সিপিএম ও কংগ্রেস। সকলেরই মূল বক্তব্য, দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সরকার ব্যর্থ। তাই বিরোধীরা মনে করেন, ঘাটতি ঢাকার জন্য মুখ্যমন্ত্রী এখন ‘আক্রমণাত্মক’ পথে গিয়ে আত্মরক্ষার চেষ্টা করছেন।
কীভাবে এই বিপর্যয়ের মোকাবিলা করা হচ্ছে, তার ব্যাখ্যা দিয়ে মুখ্যমন্ত্রীর দাবি, আম্পান আসার আগে অন্তত তিন লাখ মানুষকে নিরাপদ জায়গায় নিয়ে আসা হয়েছে। না হলে প্রাণহানি আরও বাড়ত।

