পহেলা বৈশাখ উপলক্ষে ডিএমপির বিশেষ নির্দেশনা



পহেলা বৈশাখে বাংলা বর্ষবরণের উৎসবে রাজধানীর রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়(ঢাবি) এলাকাসহ আশপাশে গাড়ি নিয়ে প্রবেশ করা যাবে না বলে নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)।

বৃহস্পতিবার পহেলা বৈশাখে রাজধানীর জন্য নেওয়া নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে সাংবাদিকদের জানাতে গিয়ে ঢাকার পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া এ কথা বলেছেন।

তিনি বলেন, “নিরাপত্তার স্বার্থে পহেলা বৈশাখে কেউ ব্যাগ, ছুরি, কাঁচি, ব্লেড, দিয়াশলাই বা অন্য কোনো দাহ্য পদার্থ নিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে পারবেন না। তবে নারী দর্শনার্থীরা ছোট ব্যাগ আনতে পারবেন। রমনা পার্কের রেস্তোরাঁ গেইট, অস্তাচল গেইট, অরুনোদয় গেইট দিয়ে শুধু প্রবেশ করা যাবে, আর উত্তরায়ন গেইট (মিন্টো রোডের পশ্চিম প্রান্ত) ও বৈশাখী গেইট দিয়ে বের হতে পারবেন। শ্যামলীমা গেইট, স্টার গেইট ও নতুন গেইট (বৈশাখী ও অস্তাচল গেইটের মাঝামাঝি) দর্শনার্থীরা প্রবেশ ও বের হতে পারবেন।”

অপরদিকে যান চলাচলের বিকল্প রুট হচ্ছে-মিরপুর রোড-সায়েন্স ল্যাবটরি-নিউ মার্কেট-আজিমপুর-বকশী বাজার-চাঁনখারপুল-গুলিস্তান, রাসেল স্কয়ার-সোনারগাঁও-রেইনবো-মগবাজার-মালিবাগ-রাজমণি-ইউবিএল-গুলিস্তান,মহাখালী-সাতরাস্তা-মগবাজার-কাকরাইল-রাজমনি-ইউবিএল-গুলিস্তান,ফার্মগেট-সোনারগাঁও-বাংলামটর-মগবাজার-মৌচাক-মালিবাগ-খিলগাঁও।

এছাড়া, উত্তর হতে আগত গাড়িগুলো হলি ফ্যামিলি হাসপাতাল রোড, পুরাতন এলিফান্ট রোড, পূর্ব দক্ষিণ দিকের গাড়িগুলো আব্দুল গণি রোডে, দক্ষিণ দিকের গাড়িগুলো কার্জন হল হতে বঙ্গ বাজার হয়ে ফুল বাড়িয়া পর্যন্ত, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি মৎসভবন থেকে কার্পেট গলি ও শিল্পকলা একাডেমীর গলিতে, ভিআইপি ও মিডিয়ার গাড়ি সুগন্ধা হতে অফিসার্স ক্লাবের সড়কে এবং দক্ষিণ পশ্চিম দিকের গাড়ি কাঁটাবন হতে নীলক্ষেত হয়ে পলাশী পর্যন্ত পার্কিং করা যাবে।