পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটার একটি গির্জায় সন্ত্রাসীদের আত্মঘাতী হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১৬ জন আহত হয়েছেন।
আজ রবিবার দুপুরে কোয়েটার জারগুন রোডের বেথেল মেমোরিয়াল মেথডিস্ট গির্জায় হামলার এ ঘটনাটি ঘটেছে বলে বেলুচিস্তান পুলিশের মহাপরিদর্শক মোয়াজ্জাম আনসারি ও স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি জানিয়েছেন। গির্জাটিতে প্রার্থনা চলাকালে দুই আত্মঘাতী সন্ত্রাসী সেখানে হামলা চালায়, তখন ৪০০ জনের মতো প্রার্থনাকারী ভিতরে ছিলেন।
আহত সবাইকে কোয়েটার সরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালা থেকে জানানো হয়েছে, তারা চারটি মৃতদেহ ও ২০ জন আহতকে বুঝে পেয়েছেন। আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। পরে আহতদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, গির্জাটি শহরের কঠোর নিরাপত্তা জোনের ভিতরে অবস্থিত। পুলিশ ও ফন্ট্রিয়ার কর্পসের বিপুল সংখ্যক সদস্য এলাকাটি ঘিরে রেখে তল্লাশি ও পরিষ্কারকরণ অভিযান পরিচালনা করছেন। একটি বোম ডিসপোজাল টিমকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে।
গির্জাটির নিরাপত্তা নিয়োজিত পুলিশ সদস্যদের ত্বরিত পদক্ষেপে বড় ধরনের প্রাণহানি এড়নো গেছে বলে জানিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শী প্রাদেশিক আইনপ্রণেতা আনিকা ইরফান পুলিশের এই দাবিকে সমর্থন করেছেন। হামলার পরপরই তিনি গির্জাটিতে উপস্থিত হয়েছিলেন।
