`পিরোজপুরের জজকে বদলি ও পাপিয়াকাণ্ডে সরকার বিব্রত নয়’


Obaidul Quader_#paperslife

বর্তমানে আলোচনার শীর্ষে থাকা অন্যতম দুটি ঘটনা; বহিষ্কৃত যুব মহিলা লীগ নেত্রী পাপিয়ার কর্মকাণ্ডে এবং পিরোজপুরের জেলা দায়রা জজকে বদলির ঘটনায় সরকার বিব্রত নয়।

বৃহস্পতিবার (৫ মার্চ) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, ‘বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। বিচারক বদলির বিষয়টি সম্পূর্ণ বিচার বিভাগ ও আইন মন্ত্রণালয়ের বিষয়। সেখানে যদি কোনও ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, সেটার সমাধান তারাই করবেন।’

পিরোজপুরে বিচারক বদলির ঘটনায় আওয়ামী লীগ বিব্রত নয় জানিয়ে তিনি আরও বলেন, ‘আমরা আইনের শাসনে এবং বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করি। এই বিষয়ে দলীয়ভাবে মন্তব্য করবো না। বিষয়টি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। পর্যবেক্ষণে কোনও বিচ্যুতি দেখলে দলীয়ভাবে ব্যবস্থা নেবো।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপি ইস্যু খোঁজার চেষ্টা করছে। এ বিষয়ে আমাদের কিছুই করার নেই। এটা সম্পূর্ণভাবে আইন ও বিচার বিভাগের বিষয়।’

বহিষ্কৃত যুব মহিলা লীগের নেত্রী শামীমা নূর পাপিয়ার অপরাধের সঙ্গে আওয়ামী লীগের কয়েকজন নেতার নাম আসার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা বিব্রত হই না, আমরা ব্যবস্থা নেই। অপরাধীরা নজরদারিতে রয়েছে। অপরাধী যেই হোক না কেন, শেখ হাসিনা কাউকে ছাড় দেন না; তার প্রমাণ তিনি বারবার দিয়েছেন। আমাদের নেত্রী শেখ হাসিনা এবিষয়ে কঠোর অবস্থানে রয়েছেন।’