পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. আবদুল মান্নানকে প্রত্যাহারের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে বুধবার (৪ মার্চ) বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারি করেছেন। সেইসাথে আগামী ১১ মার্চের মধ্যে আইন মন্ত্রণালয়ের সচিব ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে এ রুলের জবাব দিতে বলেছেন আদালত।
জানা যায়, এর আগে এ সংক্রান্ত কয়েকটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনার পর এ রুল জারি করেন হাইকোর্ট। প্রতিবেদনগুলো আদালতের নজরে আনেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।
পড়ুন : পিরোজপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারককে প্রত্যাহার
উল্লেখ্য যে, দুর্নীতির মামলায় পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল দম্পতির জামিন আবেদন নামঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছিলেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুল মান্নান।
এরপর মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে এ আদেশ দেওয়ার বিকালের মধ্যেই আইন মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিকভাবে বদলির (স্ট্যান্ড রিলিজ) নির্দেশ পান ওই বিচারক। আর বিচারক বদলির চার ঘণ্টার মধ্যেই মামলাটিতে জামিন পান ওই সাবেক সাংসদ দম্পতি।

