পুরুষদের ক্রিকেটে নারী আম্পায়ার


paperslife

আন্তর্জাতিক ক্রিকেটে পুরুষদের খেলায় এর আগে কোনো নারী আম্পায়ারকে দেখা যায় নি। এবার তা দেখা যাবে। ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ভিডিশন টু’র ফাইনালে নামিবিয়া-ওমানের ম্যাচ পরিচালনা করবেন অস্ট্রেলিয়ার ক্লাইরি পোলোসাক।

সেই ম্যাচের মধ্য দিয়ে তিনি হতে যাচ্ছেন প্রথম নারী আম্পায়ার, যিনি পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে দায়িত্ব পালন করবেন।

৩১ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান এর আগেও ছেলেদের ক্রিকেটে দায়িত্ব পালন করেছেন। প্রথম মহিলা হিসেবে অস্ট্রেলিয়ান ঘরোয়া ক্রিকেটে ছেলেদের প্রতিযোগিতায় ইতিমধ্যে আম্পায়ারের দায়িত্ব সামলেছেন তিনি।

এবার ঘরোয়া ক্রিকেটের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক আঙিনায় পুরুষদের প্রতিযোগিতায় আম্পায়ারের ভূমিকায় দেখা যাবে তাকে।

ইতিহাসের অংশ হতে যাওয়া এই নারী আম্পায়ার নিজের অনুভূতি ব্যক্ত করতে বলেছেন, ‘প্রথম মহিলা হিসেবে পুরুষদের ক্রিকেটে আম্পায়ার হিসেবে দাঁড়াতে যাচ্ছি, আমি রোমাঞ্চিত। মহিলা আম্পায়ারদের বিশ্ব জুড়ে ছড়িয়ে দিয়ে এটা দারুণ এক উদ্যোগ। তাছাড়া একজন মহিলা কেন আম্পায়ারিং করতে পারবেন না।’

পোলোসাক মহিলাদের ওয়ানডেতে পরিচালনা করেছেন ১৫ ম্যাচ। গত বছরের মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড-ভারতের সেমিফাইনালেও আম্পায়ারের দায়িত্ব সামলিয়েছিলেন তিনি।

উল্লেখ্য, ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ডিভিশন টু প্রতিযোগিতার ছয় দলের মধ্যে শীর্ষ দুই দল নামিবিয়া ও ওমান। এই দুই দলের মধ্যে শিরোপা নির্ধারণী ম্যাচে পোলোসাক থাকবেন ম্যাচ পরিচালনার দায়িত্বে।