যুব বিশ্বকাপজয়ী আকবর আলির জার্সি এবং গ্লাভস কিনে নিয়েছেন মোঃ রিয়াজুল ইসলাম জুয়েল নামে এক যুক্তরাষ্ট্র প্রবাসি। তিনি এই দুটি আইটেম কিনেছেন ২ হাজার ডলারে (প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা)।
মুশফিকুর রহীমের ডাবল সেঞ্চুরির ব্যাটের সঙ্গেই নিলামে তোলা হয়েছিল যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলীর জার্সি এবং গ্লাভস। পিকাবোর মাধ্যমে ৫ দিন ধরে চলে এই নিলাম।
মুশফিকুর রহীমের ম্যানেজমেন্ট পার্টনার নিবকো এবং স্পোর্টস ফর লাইফও ছিল এই নিলাম আয়োজনের অন্যতম সহযোগি। নিবকো থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ অনুর্ধ-১৯ দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলীর বিশ্বকাপ ফাইনালে ব্যবহৃত জার্সি ও গ্লাভস কিনেছেন আমেরিকান প্রবাসী বাঙালি মোঃ রিয়াজুল ইসলাম জুয়েল ২,০০০ (দুই হাজার) ইউ এস ডলার দিয়ে।
আর মুশফিকের ডাবল সেঞ্চুরির ব্যাট ২০ হাজার ইউএস ডলার (প্রায় ১৭ লাখ টাকা) দিয়ে কিনে নিয়েছেন পাকিস্তানের আফ্রিদি ফাউন্ডেশন।
সেই নিলামে তোলা হয়েছিল আরও বেশ কিছু আইটেম। সেগুলো কে কিনেছে, কত টাকায় বিক্রি হলো, তা জানা যাবে আরও পরে। কারণ, নিবকো জানিয়েছে, ‘অন্যান্য সামগ্রীগুলোর বিডারদের তথ্য যাচাই-বাছাই ও অর্থ জমা হওয়ার পর শীঘ্রই বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।’

