বিদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অনিয়ম-দুর্নীতির বিষয়ে অভিযোগ জানানোর জন্য রবিবার (২৩ ফেব্রুয়ারি) হটলাইনে আন্তর্জাতিক ‘কল ইনকামিং সার্ভিস’ চালু করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)।
দুদক জানায়, গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুদক জরুরি ভিত্তিতে একজন কর্মকর্তার মোবাইল ফোনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের অভিযোগ নেওয়ার ব্যবস্থা করেছিল। সেই নম্বর পরিবর্তন করে হটলাইনে আন্তর্জাতিক ‘কল ইনকামিং সার্ভিস’ চালু করলো দুদক।
এ বিষয়ে দুদক পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, এখন থেকে প্রবাসীরা সহজেই +৮৮০৯৬১২১০৬১০৬ নম্বরে (অফিস চলাকালে এবং স্থানীয় সময় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত) ফোন করে সরাসরি তাদের অভিযোগ জানাতে পারবেন।
দুদকের এক কর্মকর্তা জানান, এর আগে গত বুধবার থেকে দুদকের এক কর্মকর্তার মোবাইল ফোনে কল করে প্রবাসী বাংলাদেশিদের অভিযোগ জানানোর সুযোগ করে দেওয়া হয়েছিল। ওইদিন থেকে অফিস চলাকালীন অস্ট্রেলিয়া, ফ্রান্স, ব্রিটেন, সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, কাতার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা শতাধিক অভিযোগ জানান। এর পর থেকেই এই সুবিধা চালু করা হল যাতে করে প্রবাসী বাংলাদেশিরা সহজেই সুবিধা পেতে পারে।

