প্রাণঘাতী করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৭৯৮১


corona#paperslife

প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে ৭ হাজার ৯৮১ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে শুধু চীনেই মারা গেছেন তিন হাজার ২৩৭ জন। বিশ্বের ১৬৫টি দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৮ হাজার ৩৯৪ জন। চীনের মধ্যপ্রদেশ হুবেইয়ের স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে বুধবার (১৮ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, করোনায় আক্রান্ত ১ লাখ ৯৮ হাজার ৩৯৪ জনের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন ১ লাখ ৭ হাজার ৬৫০ জন। এরমধ্যে প্রাথমিক পর্যায়ে রয়েছেন ১ লাখ ১ হাজার ২৩৫ জন ও ৬ হাজার ৪১৫ জনের অবস্থা গুরুতর। আক্রান্তদের মধ্যে বাকি ৯০ হাজার ৭৪৪ জনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮২ হাজার ৭৬৩ জন এবং মারা গেছেন ৭ হাজার ৯৮১ জন।

সর্বশেষ তথ্যানুযায়ী ভাইরাসটি এরইমধ্যে বাংলাদেশসহ বিশ্বের ১৬৫টি দেশে ছড়িয়েছে। করোনার উৎপত্তিস্থল চীনের বাইরে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ইতালিতে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ৫০৬ জন, আর মারা গেছেন ২ হাজার ৫০৩ জন। ইতালির পরেই রয়েছে ইরান। সেখানে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ১৬৯ জন, মারা গেছেন ৯৮৮ জন। অন্যদিকে, স্পেনে ১১ হাজার ৮২৬ জন, মারা গেছেন ৫৩৩ জন।

গত বছরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। যাতে লাফিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যা। প্রায় প্রতিদিনই ভাইরাসের কেন্দ্রস্থল উহানে যেমন নতুন রোগী বাড়ছে, তেমনি নতুন দেশ থেকে করোনা আক্রান্ত রোগীর তথ্য জানানো হচ্ছে।