মোহামেডান-আবাহনীর লড়াইয়ে এখন আর আগের জৌলুস নেই, নেই উত্তাপ। তবুও দুই দলের লড়াই মানে মর্যাদার লড়াই।
মর্যাদার লড়াইয়ে কে জিতবে? এ প্রশ্নে এখন আর হাজার হাজার মানুষের সেই তর্কযুদ্ধ নেই।
এখন দেশের দুই বড় ও ঐতিহ্যবাহী ক্লাবের মাঠের লড়াইগুলো হয়ে যায় নীরবে-নিভৃতে। সেটা হোক ফুটবল, ক্রিকেট কিংবা হকি। তেমন একটি লড়াই আজ (বুধবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬ টায়।
এ মৌসুমে এটাই দুই দলের প্রথম দেখা। আগের মতো সেই আলোচনা নেই ক্রীড়াঙ্গনে।
চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হওয়ার আগে দুই দলই খেলেছে ৩টি করে ম্যাচ। দুই দলই জিতেছে দুটি করে। মোহামেডান একটি হেরেছে, আবাহনী করেছে ড্র। টেবিলে ৭ পয়েন্ট নিয়ে আবাহনী তৃতীয় স্থানে, মোহামেডান ৬ পয়েন্ট নিয়ে ছয়-এ। আবাহনীর অধিনায়ক নাবিব নেওয়াজ জীবন এবং মোহামেডানের অধিনায়ক মাজহারুল ইসলাম হিমেল দুইজনই জয়ের ব্যাপারে আশাবাদী।

