প্রিয় আর্জেন্টিনা : কিছু আক্ষেপ, কিছু হতাশা




সাকিব আহমেদ
এই খেলা জিনিসটা বাঙ্গালীদের রক্তে মিশে আছে। তাই খেলা নিয়ে এদেশের মানুষের উৎসাহ উদ্দীপনার কমতি নেই। ক্রিকেটটা বাংলাদেশ খেলে, তাই ক্রিকেটের পুরোটা জুড়ে বাংলাদেশ আর বাংলাদেশ। কিন্তু ফুটবল খেলায় বাংলাদেশ বিশ্বমঞ্চে সুযোগ করে নিতে না পারায়, ফুটবল বিশ্বে পাগলামীর সবকিছুতেই বহির্বিশ্বের আর্জেন্টিনা-ব্রাজিল-জার্মানি। এই তিন দেশের মধ্যে আক্ষেপের জন্ম কেবলই আর্জেন্টিনা দেয়। আজ সেই গল্প বলব।
২০০২ সাল। খুব ছোট ছিলাম তখন। বয়স এই নয় কি দশ! ফুটবল বুঝতে কেবল বুঝতাম গোল। যেই দলের নামের পাশে বেশি সংখ্যা লেখা থাকবে সেই দলই জিতবে। সেই বিশ্বকাপ শুরুর আগে শুধুই আর্জেন্টিনার গল্প। এই দল অনেক ভয়ংকর, এবারের চ্যাম্পিয়ন হতে সব থেকে এগিয়ে। আশেপাশে সেইসব কথা শুনতাম খুব। আব্বু ম্যারাডোনার খুব গল্প করতেন। সেখান থেকেই আর্জেন্টিনা নামের প্রতি এক প্রকার মায়া জন্মে যায়।
তো বিশ্বকাপে আর্জেন্টিনাকে সমর্থন দেওয়া শুরু করলাম। আর সাথে সেই দলটির অনেক প্রশংসা তো আছেই। কিন্তু সেবার কি করল আর্জেন্টিনা? প্রথম রাউন্ডেই বাদ। আব্বু বলল, আর্জেন্টিনা আর খেলতে পারবে না। খুব মন খারাপ হল তখন। বাকি দলগুলো খেলছে, অথচ আমার দলটি আর খেলতে পারবে না। এর থেকে কষ্টের আর কি হতে পারে?
এই কষ্টের পরও আর্জেন্টিনাকে ছাড়তে পারিনি। যেই দলের নামে প্রথম ফুটবল দেখা, কি করে ছাড়তে পারি? এভাবেই ঘুরতে ঘুরতে এলো ২০০৬ বিশ্বকাপ। ততদিনে ফুটবল খেলাটাকে ধারণ করতে শুরু করেছি। এই বিশ্বকাপেই একজন তরুণ ফুটবলার মাঠে নেমেছিল। লোকে বলে সে নাকি ম্যারাডোনার মত খেলে। তার নাম? সে যে আজকের লিওনেল মেসি। এই বিশ্বকাপেই তো ২১ পাসের এক দুর্দান্ত গোল করে টিম আর্জেন্টিনা।
আজও সময় পেলে ইউটিউবে গিয়ে গোলটি দেখি। কি ছিলো না সেই গোলে! পাস, স্কিল, বডি মুভমেন্ট – আজো মুগ্ধ করে। আর ভাবি, এই আর্জেন্টিনা আবার কবে আসবে? সেই দলে বড় কোনো নাম ছিল না, তবে যারা ছিল অন্যের সমীহ আদায় করে নিতে তারাই যথেষ্ট ছিল।
এত ভালো খেলেও সেবার আক্ষেপের গল্পটা বদলায়নি। কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে পেনাল্টিতে হার শেষ করে দিয়েছিল স্বপ্ন। হতাশার মন নিয়ে আরো এক বিশ্বকাপের অপেক্ষা করতে হবে।
ধীরে ধীরে ফুটবলটা রক্তের সাথে মিশে যেতে থাকলো। রোনালদিনহোর বার্সেলোনাই হয়ে উঠল আমার ফুটবলীয় প্রথম প্রেম। সেই বার্সেলোনার একজন মেসি মুগ্ধ করতে থাকলো বারবার। বার্সেলোনার পাগলামী নিয়ে আসলো ২০১০ বিশ্বকাপ।
আর আর্জেন্টিনা? মেসি, হিগুয়েন, ডি মারিয়া, মাসচেরানোদের নিয়ে কি দল! এবার তো হবেই। তবে এবারো হয় নি, আমাদের বাধা যে জার্মানি। ২০০৬ এর মত এবারো জার্মানির কাছে কোয়ার্টার ফাইনালে হারতে হলো। ০-৪ গোলের হার যে সব আশা ভরসা শেষ করে দিয়েছিল। ভক্তকুলের জন্য আরো একবার রেখে গেল চার বছরের অপেক্ষা।
চার বছর পর…২০১৪ বিশ্বকাপ। আক্ষেপ ঘুচানোর দায়িত্বটা নিলো দ্যা গ্রেট লিওনেল মেসি। সেই গল্পটার মঞ্চ প্রস্তুত করে দিয়েছিলো বটে। একের পর এক মেসি ম্যাজিকে আর্জেন্টিনা উঠে গেল ফাইনালে। হ্যা ফাইনাল, স্বপ্নের ফাইনাল!
তবে ফাইনালে যে দাঁড়িয়ে আছে জার্মানি। চিরপ্রতিদ্বন্দী ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে জার্মানির বিপক্ষে স্বপ্ন পূরণের লড়াইয়ে আর্জেন্টিনা সেবারও স্বপ্ন পূরণ করতে পারে নি। শেষের গোলে হেরেছিল তারা। মেসিদের সাথে পাল্লা দিয়ে কেঁদেছিল ভক্তরা।
এর পরের দুই বছর যে আরো বেদনার। কোপা আমেরিকার দুই আসর, দুইবারের ফাইনাল। মেসির নেতৃত্বে আর্জেন্টিনা খেলেছে দাপটের সাথে। তবে ফাইনাল জেতা হয় না। দুইবারই চিলির কাছে পেনাল্টিতে হার।
বছর গড়িয়েছে, মঞ্চ পরিবর্তন হয়েছে। কিন্তু আর্জেন্টিনার ভাগ্য বদলায়নি। আক্ষেপ, হতাশার গল্পটা লিখেছে তারা। হতাশ করেছে বারবার। তারপরও এই দলের প্রতি ভালবাসা কমেনি। বরং বাড়িয়েছে বহুগুণ। এভাবেই অপেক্ষা করে চলেছি বছরের পর বছর। আর এবার তো বিশ্বকাপে খেলাও বোধহয় হচ্ছে না আকাশী সাদাদের।
সেই ছেলেটার সকালে উঠতে কষ্ট হয়। তারপরও সে এলার্ম দিয়ে ভোরে উঠে। ঘুম ঘুম চোখে টিভির সামনে বসে প্রিয় দলের খেলা দেখে। সে বিশ্বাস করে তার দল জিতবে। কিন্তু সেই দল জিততে পারে না। বারবার ব্যর্থ হয়। আর ব্যর্থতা বলে ব্যর্থতা? বিশ্বকাপ না খেলার মত এবারের ব্যর্থতা।
এত কিছুর পরও সেই ছেলেটা পরের ম্যাচ দেখার জন্য ভোরে উঠবে। যদি কোনো মিরাকল হয়! সে জানে, সেটি সম্ভব নয়। এ বছর না হয় বিশ্বকাপ খেলা হলো না। চার বছর পরে জন্য অপেক্ষা করতে হবে। সে জানে না, এই অপেক্ষার অবসান হবে কবে! সে শুধু জানে – প্রিয় দলের জন্য চার বছর কেন, একশ বছরও অপেক্ষা করা যায়…
আরও পড়ুন;

এল ক্লাসিকো : ঐতিহ্য ও মর্যাদার প্রতীক

আমাদের একজন সাকিব আল হাসান আছে

এই জাফর’রা যেন হারিয়ে না যায়