বলিউডের পাশাপাশি হলিউডেও সমানে অভিনয় করছেন প্রিয়াঙ্কা চোপড়া। নিজের কাজের পরিধি বাড়িতে তুলতে হাত দিয়েছেন প্রযোজনা ও পরিচালনার কাজেও। তাঁর অসংখ্য ভক্তের কাছে ‘অসম্ভব ট্যালেন্টেড’ বলে পরিচিত এই ‘দেশি গার্ল’। সেই প্রিয়াঙ্কাই হঠাৎ কি বলে ফেললেন?
সম্প্রতি টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে গিয়ে ইটি কানাডাকে দেওয়া একটি সাক্ষাত্কারে সিকিমকে ‘জঙ্গি আন্দোলনে অশান্ত এলাকা বলে মন্তব্য করেন অভিনেত্রী। প্রিয়াঙ্কা প্রযোজিত প্রথম সিকিমের ছবি ‘পহুনা’র বিষয়ে বলতে গিয়েই এমন মন্তব্য করেন নায়িকা।
তিনি বলেন, ‘উত্তর পূর্ব ভারতের ছোট্ট রাজ্য সিকিম। এখানে কোনও ফিল্ম ইন্ডাস্ট্রি নেই, এখানকার কেউ কোনও দিন ছবি করেননি। এই এলাকা থেকে এটাই প্রথম ছবি, কারণ বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের জেরে সিকিমের পরিস্থিতি অত্যন্ত জটিল ও সমস্যাসঙ্কুল।
প্রিয়াঙ্কার এই মন্তব্য ঘিরেই শুরু হয় বিতর্ক। এই মন্তব্যে সোশ্যাল সাইটেও তুমুল সমালোচনা হয়। অনেকেই মন্তব্যের আগে তথ্য যাচাই করে নেওয়া উচিত বলে পরামর্শ দিয়েছেন নায়িকাকে। যার জেরে নাকি ক্ষমা চাইতে হল প্রিয়াঙ্কার মা’কে।
গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সিকিমের পর্যটনমন্ত্রী উগেন গাটসো জানিয়েছেন, প্রিয়াঙ্কার মা মধু চোপড়া তাঁকে ফোন করে ক্ষমা চেয়েছেন। প্রিয়ঙ্কার এমন মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি।
