ফার্মার্স ব্যাংকের এমডিকে অপসারণ




চাপের মুখে ফারমার্স ব্যাংকের চেয়ারম্যান মহীউদ্দীন আলমগীরের পদত্যাগের তিন সপ্তাহের মাথায় ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শামীমকে অপসারণ করেছে বাংলাদেশ ব্যাংক।
আজ মঙ্গলবার সকালে গভর্নর ফজলে কবিরের এই নির্দেশ ফারমার্স ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা জানিয়েছেন।
এ কে এম শামীমকে কেন ওই পদ থেকে অপসারণ করা হবে না- তা জানতে চেয়ে গত ২৬ নভেম্বর নোটিস দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। সাত দিনের মধ্যে ওই নোটিসের জবাব দিতে বলা হয়েছিল। নোটিসে দুটি অভিযোগ তুলে ধরে বলা হয়, ফারমার্স ব্যাংকের তারল্য ব্যবস্থাপনায় এমডি ব্যর্থ হয়েছেন। এ কারণে নগদ জমা বা সিআরআরের এবং সংবিধিবদ্ধ জমা বা এসএলআরের অর্থ রাখতে পারেননি তিনি। তার ওপর কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অমান্য করে ব্যাংকটি ঋণ বিতরণ করে গেছে।
এমডিকে বাংলাদেশ ব্যাংকের ওই নোটিসের পরদিনই ফারমার্স ব্যাংকের চেয়ারম্যান মহীউদ্দীন খান আলমগীরের পদত্যাগের খবর আসে। ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মাহবুবুল হক চিশতীও পদত্যাগ করেন।
তাদের পদত্যাগপত্র গ্রহণ করে ব্যাংকের পরিচালনা পর্ষদ ওইদিনই মোহাম্মদ মাসুদকে নতুন চেয়ারম্যানের দায়িত্ব দেয়। সেইসঙ্গে ব্যাংকটির নির্বাহী কমিটি, অডিট কমিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠনের কথাও জানানো হয় কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে।
গত ২৭ নভেম্বর ফারমার্স ব্যাংকের চেয়ারম্যানের পদ ছেড়ে দেন মহীউদ্দীন খান আলমগীর। এ ছাড়া ব্যাংকটির নিরীক্ষা কমিটির চেয়ারম্যান ও পরিচালক মাহাবুবুল হক চিশতীকেও পদ ছাড়তে হয়। ব্যাংকটির পরিচালনা পর্ষদের বিশেষ সভায় এসব সিদ্ধান্ত হয়। সভাতেই নতুন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ ব্যাংকটির নির্বাহী কমিটি, নিরীক্ষা কমিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন করা হয়।