ফার্মাসিস্টদের প্রতিনিধি হয়ে ২য় নেপাল-বাংলাদেশ ইয়ুথ কনক্লেভ’এ যোগ দিতে কাঠমাণ্ডু যাচ্ছেন `বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরাম’-এর সাধারণ সম্পাদক সাদেক আহমেদ সৈকত।
এছাড়া নেপালের ইটাহারিতে অনুষ্ঠিত এই ইয়ুথ কনক্লেভে যোগ দেবেন ৮৮ জন বাংলাদেশি তরুণ। আজ বৃহস্পতিবার সকাল ১০:৩০টায় কাঠমান্ডুর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তারা।
সফরে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন সম্মেলনের যৌথ আয়োজক ‘ইয়ুথ ফর ডেমোক্রেসি এন্ড ডেভেলপমেন্ট’এর সাধারণ সম্পাদক ও ২য় নেপাল বাংলাদেশ ইয়ুথ কনক্লেভ এর বাংলাদেশ কান্ট্রি কোর্ডিনেটর সাবেক ছাত্রনেতা বাপ্পাদিত্য বসু।
সম্মেলন প্রসঙ্গে সাদেক আহমেদ বলেন, ফার্মাসিস্টদের প্রতিনিধি হিসেবে সুযোগ পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। এই অর্জন দেশের সকল তরুণ ফার্মাসিস্টদের। জানান, ‘ইয়ুথ পার্টিসিপেশন, এমপাওয়ারমেন্ট এন্ড পলিসি’র ওপর আলোচনা করবেন তিনি।
উল্লেখ্য, ২য় নেপাল-বাংলাদেশ ইয়ুথ কনক্লেভের আয়োজক যৌথভাবে নেপালের ইয়ুথ ডেভেলপমেন্ট সেন্টার (ওয়াই.ডি.সি.), স্যানিটেশন-এনভায়রনমেন্ট এন্ড এনার্জি (এস.ই.ই.) এবং বাংলাদেশের ইয়ুথ ফর ডেমোক্রেসি এন্ড ডেভেলপমেন্ট (ওয়াই.ডি.ডি) নামক তিনটি সংগঠন।
গত ২০১৭ সালের জুনে কাঠমান্ডুতে ১ম নেপাল-বাংলাদেশ ইযুথ কনক্লেভ অনুষ্ঠিত হয়।
২৯-৩১ মার্চ এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে ৮৮ জন বাংলাদেশি তরুণের পাশাপাশি শতাধিক নেপালী তরুণ প্রতিনিধি অংশগ্রহণ করবেন। এছাড়াও ভারত, আফগানিস্তান, ভুটান ও শ্রীলঙ্কা থেকে আরো ২৫ জন তরুণ পর্যবেক্ষক হিসেবে যোগ দেবেন।
এদিকে ২য় নেপাল বাংলাদেশ ইয়ুথ কনক্লেভ এর সফলতা কামনা করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, এই সম্মেলনের মধ্য দিয়ে বাংলাদেশ ও নেপালের মধ্যকার বন্ধুত্ব আরো দৃঢ় হবে। আঞ্চলিক উন্নয়ন ও সমৃদ্ধির জন্য তরুণদের এই সমন্বিত উদ্যোগ অনেক বেশি ফলপ্রসু হবে। বিশেষ করে ‘বিবিআইএন চুক্তি’ কার্যকরের পর তরুণদের এই সমন্বিত উদ্যোগ ও বন্ধুত্ব জোরদারের এখনই উপযুক্ত সময়।

