ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দাভাও নগরীতে একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকান্ডে ৩৭ জনের মৃত্যুর আশংকা করা হচ্ছে।
রোববার স্থানীয় কর্তৃপক্ষ একথা জানায়।
এক বার্তায় প্রেসিডেন্টের ছেলে দাভাওয়ের ভাইস মেয়র পাওলো দুতার্তে অগ্নি নির্বাপণ সংস্থার কমান্ডারের বরাত দিয়ে লিখেছেন, এই ঘটনায় মারাত্মকভাবে দগ্ধ ৩৭ জনের বেঁচে থাকার কোন সম্ভাবনা নেই। শনিবার সকালে চারতলা বিশিষ্ট এনসিসিসি নামের এ শপিং মলে আগুন লাগে এবং ভেতরে লোকজন আটকা পড়ে। এ ভবনের একেবারে ওপরের তলায় একটি কল সেন্টার রয়েছে। সেখানে আগুন লাগার প্রায় ২৪ ঘণ্টা পর রোববার সকালেও আগুন জ্বলতে দেখা যাচ্ছে। এ শপিং মলের তিন তলায় আগুনের সূত্রপাত ঘটে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে।
শনিবার মার্কেটটির তৃতীয় তলার একটি ফার্নিচারের দোকানে আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই তা উপরের তলার একটি আউটসোর্সিং প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন শহর কর্তৃপক্ষের মুখপাত্র মা. তেরেসিতা গাসপান।
প্রেসিডেন্টের সহকারিদের একজন বলেন, প্রেসিডেন্ট রোদ্রিগো দুতার্তে এ ঘটনার শিকার হওয়া লোকজনের পরিবারের সদস্যদের সান্তনা দিতে শনিবার রাতে এ শপিং মল পরিদর্শন করেন। দুতার্তে প্রায় দুই দশক ধরে দাভাওয়ের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন এবং বর্তমানে তিনি এ নগরীতেই বসবাস করছেন।
