এবার বর্ণবাদী আচরণের শিকার হতে হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দল ক্রিস্টাল প্যালেসের খেলোয়াড় উইলফ্রেড জাহাকে।
তার দল ক্রিস্টালের সবশেষ ম্যাচ ছিলো অ্যাস্টন ভিলার বিপক্ষে। অবনমন এড়াতে বাকি থাকা ম্যাচগুলোতে জয়ব্যতীত অন্য কিছু ভাবার সুযোগ নেই অ্যাস্টন ভিলার। তাই ক্রিস্টালের বিপক্ষেও জয়ের জন্যই খেলতে নেমেছিল তারা।
কিন্তু ম্যাচের আগের রাতেই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দেন জ্যাক ডোলান নামের ১২ বছর বয়সী এক অ্যাস্টন ভিলা সমর্থক।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে আইভরি কোস্টের ২৭ বছর বয়সী ফরোয়ার্ড জাহাকে গোল না করার হুমকির পাশাপাশি বর্ণবাদী মেসেজ দেয় ডোলান।
যা কি না টুইটারে পোস্ট করে দেন জাহা, বুঝিয়ে দেন এখনও অনেকের মাঝেই রয়েছে বর্ণবাদী আচরণের বিষ।
জাহার এই পোস্টের পর চুপ করে বসে থাকেনি অ্যাস্টন ভিলা কর্তৃপক্ষ। নিজেরা তৎপর হয়ে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের মাধ্যমে গ্রেফতার করিয়েছে সলিহুলের বাসিন্দা জ্যাক ডোলানকে।
ক্রিস্টালের বিপক্ষে ম্যাচটি অ্যাস্টন ভিলা ঠিকই জিতেছিল ২-০ গোলে। কিন্তু তা উদযাপন করা হয়নি জ্যাক ডোলানের।
কেননা ম্যাচ শেষ হওয়ার পরপরই ওয়েস্ট মিডল্যান্ড পুলিশ ডোলানকে গ্রেফতারের কথা জানিয়ে দিয়েছিল। অফিসিয়াল টুইটার একাউন্টে তারা লিখেছে, ‘একজন ফুটবলারকে বর্ণবাদী মেসেজ পাঠানোর বিষয়টিতে আমরা তৎপর ছিলাম। বেশ কিছু বিষয় খুঁটিয়ে দেখার পর আমরা ১২ বছরের এক ছেলেকে গ্রেফতার করেছি। সে এখন আমাদের জিম্মায় রয়েছে। এই বিষয়টি তুলে ধরায় সবাইকে ধন্যবাদ। বর্ণবৈষম্য কোনভাবেই মেনে নেয়া হবে না।’

