ভারতীয় ফুটবলের জনক নাগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীকে নিয়েই নির্মিত ‘গোলন্দাজ’ সিনেমার শুটিং করতে গিয়ে আঘাত পেয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা ও সাংসদ দেব।
সিনেমাটি পরিচালনা করছেন ধ্রুব ব্যানার্জি। ছবিতে ৩৫ বছর বয়সী ফুটবলার নাগেন্দ্রপ্রসাদের চরিত্রে অভিনয় করছেন দেব। কিন্তু সে অর্থে কখনো ফুটবল খেলেননি দেব।
দেব ছাড়াও এতে অভিনয় করছেন—অনির্বাণ ভট্টাচার্য, ইন্দ্রাশিস রায়, ইশা সাহা প্রমুখ।
দেব শুরুতেই ঠিক করেছিলেন বডি ডাবল নেবেন না। এজন্য শুটিং শুরুর আগে টানা দুই মাস ফুটবলার হিসেবে নিজেকে প্রস্তুত করেছেন। বুট পরা ব্রিটিশদের বিরুদ্ধে প্রখর রোদে খালি পায়ে ফুটবল খেলে এক মুন্সিয়ানা দেখিয়েছেন দেব। শুটিংয়ে ফুটবলার হিসেবে তার একাগ্রতা দেখে অনেকে চমকে গিয়েছেন।
এর আগে সিনেমাটিতে দেবের লুক প্রকাশিত হয়েছে। চেহারার মধ্য দিয়ে ওই সময়টাকে ধরা দেবের জন্য চ্যালেঞ্জিং ছিল। এ প্রসঙ্গে পরিচালক বলেন, নাগেন্দ্রপ্রসাদের কম বয়সের একটা ছবি আমাদের কাছে আছে। চেষ্টা করা হয়েছে, তার যতটা কাছাকাছি যাওয়া যায়।
ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, বাঁ পায়ের বৃদ্ধাঙ্গুলে ফ্র্যাকচার হয়েছে তার। এখন বাড়িতে বিশ্রামে রয়েছেন তিনি। আগামী তিন সপ্তাহ পুরোপুরি বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন ডাক্তার।

