সোস্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুকের পাঁচ কোটির বেশি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য বেহাত হওয়ার খবর প্রকাশ পেয়েছে। এর মধ্যে ইন্দোনেশিয়ার নাগরিকদের তথ্য থাকার প্রমাণ মিললে কিংবা দেশটির আসন্ন নির্বাচনে ভুয়া সংবাদ ছড়ানো রুখতে না পারলে ফেসবুকসহ অন্যান্য সোস্যাল মিডিয়ার কার্যক্রম বন্ধের হুমকি দিয়েছেন ইন্দোনেশিয়ার যোগাযোগমন্ত্রী রুডিয়ানতারা। খবর ব্লুমবার্গ।
ক্যামব্রিজ অ্যানালিটিকা নামের একটি বৃটিশ রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান পাঁচ কোটির বেশি ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ প্রতিষ্ঠানটি গত মার্কিন প্রসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযানে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে কাজ করেছে। এ কারণে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আশঙ্কা রয়েছে ইন্দোনেশিয়ার।
রুডিয়ানতারা বলেন, আসন্ন নির্বাচনে প্রভাব বিস্তার করতে বিভিন্ন ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান সোস্যাল মিডিয়া প্লাটফর্ম ব্যবহার করতে পারে। এর আগে দেশটিতে মেসেজিং অ্যাপ টেলিগ্রাম বন্ধের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, আমরা টেলিগ্রাম বন্ধ করেছিলাম। যদি কোনো সোস্যাল মিডিয়ার প্লাটফর্ম বন্ধ করতে হয়, তা অবশ্যই আমরা করব। এ ব্যাপারে আমার কোনো দ্বিধা কাজ করবে না।
গত বছর ইন্দোনেশিয়ার সরকার টেলিগ্রাম প্লাটফর্ম থেকে সন্ত্রাসসংশ্লিষ্ট কনটেন্ট সরিয়ে ফেলতে নির্দেশ দিয়েছিল। তবে টেলিগ্রাম কর্তৃপক্ষ তাত্ক্ষণিকভাবে এসব কনটেন্ট সরাতে ব্যর্থ হলে দেশটিতে টেলিগ্রামের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।
