‘ফেসবুক মিডিয়া কোম্পানি নয়’




বিভিন্ন কনটেন্ট উৎপাদক এবং ইভেন্ট আয়োজক হলেও ফেসবুক মিডিয়া কোম্পানি নয়। বরং আমরা নিজেদের প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবেই বিবেচনা করি। গত বুধবার মার্কিন সিনেটরদের সামনে শুনানিতে অংশ নিয়ে এমনটাই দাবি করেন সামাজিক যোগাযোগ মাধ্যমটির সহপ্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ।
ক্যাপিটাল হিলে অনুষ্ঠিত শুনানির দ্বিতীয় দিন মার্ক জাকারবার্গ বলেন, ফেসবুক প্রাথমিকভাবে যে কাজটি করে, তা প্রকৌশলগত। আমাদের প্রকৌশলীরা কোড লিখে সাধারণ মানুষের জন্য পণ্য এবং সেবা উন্নয়ন করে। এ কারণে ফেসবুককে আমরা প্রযুক্তি কোম্পানি হিসেবে বিবেচনা করি।
বিশ্বব্যাপী ক্রমে ফেসবুকের গুরুত্ব বাড়ছে। প্রকৃত অর্থে ফেসবুক প্রযুক্তি কোম্পানি না মিডিয়া কোম্পানি— এ নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। ফেসবুক এর আগেও এমন দাবির বিরোধিতা করেছে। ফেসবুকের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) শেরিল স্যান্ডবার্গও সোস্যাল মিডিয়া জায়ান্ট প্রতিষ্ঠানটিকে মিডিয়া কোম্পানি হিসেবে মানতে অপারগতা প্রকাশ করেন।
রাজনৈতিক পরামর্শক ও ডাটা বিশ্লেষক প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির ঘটনায় তোপের মুখে রয়েছেন মার্ক জাকারবার্গ। বিপুলসংখ্যক ব্যবহারকারীর তথ্য বেহাতের ঘটনায় সিনেটরদের সামনে শুনানিতে অংশ নিয়ে গ্রাহক তথ্যের সুরক্ষা দিতে ব্যর্থতার দায় স্বীকার করে নিয়েছেন তিনি। শুনানির প্রথম দিন দীর্ঘ ৫ ঘণ্টাব্যাপী ফেসবুক প্রধানকে বেশকিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্মুখীন হতে হয়। এছাড়া দ্বিতীয় দিন আরো প্রায় ৫ ঘণ্টাব্যাপী নানা প্রশ্নের জবাব দিতে হয়।
বিশ্লেষকদের তথ্যমতে, ফেসবুক মিডিয়া কোম্পানির তকমা পেলে বিভিন্ন ধরনের নিয়ন্ত্রণের সম্মুখীন হতে পারে। বিশেষ করে, অনলাইন বিজ্ঞাপন প্রদর্শনের ক্ষেত্রে প্রতিষ্ঠানটিকে টেলিভিশন, প্রিন্ট এবং অন্যান্য মিডিয়ার মতোই নিয়ন্ত্রণের মুখে পড়তে হবে। শুনানিতে একবারের জন্য ফেসবুককে মিডিয়া কোম্পানি হিসেবে আখ্যায়িত করেননি মার্ক জাকারবার্গ। বিপরীতে তিনি বলেছেন, প্লাটফর্মে কী ধরনের পোস্ট করা হচ্ছে, তার জন্য সম্পূর্ণভাবে দায়ী ফেসবুক।
মার্ক জাকারবার্গ বলেন, বিভিন্ন অনলাইন কনটেন্ট উৎপাদনের জন্য আমরা সহায়তা করি। ফেসবুক এন্টারপ্রাইজ বিভিন্ন সফটওয়্যার উন্নয়ন করে আসছে। বিশ্বের প্রত্যন্ত অঞ্চলের মানুষকে ইন্টারনেট সেবার আওতায় আনতে আমরা প্লেন তৈরি করেছি।