বক্স অফিসে রাজত্ব করছে ‘সঞ্জু’




মুক্তি পেয়েছে রাজকুমার হিরানি পরিচালিত ‘সঞ্জু’। সঞ্জয় দত্তের বায়োপিকে সঞ্জয় রুপী রণবীরে মুগ্ধ হয়েছেন সবাই। দর্শক সমালোচক উভয় মহলেই সমাদৃত সঞ্জু। ‘সঞ্জু’ মুক্তির পরপরই রেসের ময়দান থেকে প্রায় ছিটকে যেতে বসেছে সালমান খানের ‘রেস থ্রি’।
প্রথম দিনেই ‘সঞ্জু’ ছবিটি বক্স অফিসে রীতিমতো ধামাকা করে। মুক্তির দিনেই রণবীরের এই ছবি থেকে ৩৪ কোটি রুপি আয় হয়েছে। এই ছবির প্রথম দিনের আয় থেকে আশা করা যাচ্ছে যে তিন দিনে ১০০ কোটি রুপি ছাড়িয়ে যাবে। এমনকি ‘সঞ্জু’ ছবিটি এই বছরের সবচেয়ে বড় ওপেনিং ছবি।
তাই স্বাভাবিকভাবে রাজু হিরানীর এই ছবিটি সালমানের ‘রেস থ্রি’র রেকর্ড ভেঙে দিয়েছে। চিত্র সমীক্ষক তরণ আদর্শ ‘সঞ্জু’ ছবিটির প্রথম দিনের আয় ৩৪.৭৫ কোটি বলেছেন।
চিত্র সমীক্ষকদের মতে, রণবীর কাপুর অভিনীত এই ছবিটি আবেগ ও জোরদার অভিনয়ে ভরপুর। তাই দর্শককে এক মুহূর্তের জন্য বোর করবে না ‘সঞ্জু’। এই ছবিতে রণবীর কাপুরের পাশাপাশি ভিকি কৌশলের অভিনয় ভীষণভাবে প্রশংসিত হয়েছে।
রণবীরের আগের ছবিগুলি বক্স অফিসে সেভাবে সাফল্য পায়নি। পাঁচ বছর আগে তাঁর অভিনীত ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবিটি সুপারহিট ছিল। কিন্তু তারপর ‘বোম্বে ভেলভেট’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’, ‘জগগা জাসুস’, কোনো ছবিই সেভাবে চলেনি। তাই আশা করা যাচ্ছে, ‘সঞ্জু’ ছবিটি রণবীরের জীবনের নতুন উড়ান হতে পারে।
সঞ্জয় দত্তের জীবনের ওপর নির্মিত এই বায়োপিকে তাঁর মা-বাবার চরিত্রে দেখা গেছে পরেশ রাওয়াল ও মনীষা কৈরালাকে। এ ছাড়া সোনম কাপুর, আনুশকা শর্মা ও বোমান ইরানি ‘সঞ্জু’ ছবিতে অভিনয় করেছেন।