১৬৪৩ সালে মুগল সম্রাট শাহজাহানের সময়ে আগ্রা শহরে নির্মিত হয়েছিলো তাজমহল। সাদা মার্বেল পাথরে তৈরি তাজমহল দেখতে প্রতিদিন ভিড় জমান অন্তত ৭০ হাজার পর্যটক।
সপ্তদশ শতকে সাদা মার্বেল পাথরে তৈরি এই অসাধারণ স্থাপনা ইতোমধ্যেই হলুদ আকার ধারণ করেছে এবং সেটি এখন বাদামী ও সবুজ হয়ে যাচ্ছে । পরিবেশবাদীদের জমা দেয়া ছবি পরীক্ষা নিরীক্ষা করে আদালত সরকারকে ভারত কিংবা প্রয়োজনে দেশের বাইরে থেকে বিশেষজ্ঞদের এনে পদক্ষেপ নেয়ার নির্দেশনা দিয়েছেন।
ধারণা করা হচ্ছে, দূষণ, নির্মাণকাজ ও কীটপতঙ্গের মল তাজমহলের এ অবস্থার জন্য দায়ী। পোকার বর্জ্য, তাজমহলের কাছে থাকা তেল পরিশোধনাগার ও ২০০ বছরের পুরোনো একটি শ্মশান ঘাট। পাশাপাশি তাজমহলের সন্নিকটে অবস্থিত উত্তর প্রদেশ সরকারের একটি শপিংমলকে এই সমস্যার জন্য দায়ী করা হয়।
এর আগে ভারত সরকার তাজমহলের আশেপাশের অনেক কলকারখানা বন্ধ করে দিয়েছিলো, কারণ অনেক দিন ধরেই তাজমহলের রং বদলের খবরে উদ্বেগ ছড়িয়ে পড়ছিলো। তাজমহল যে যমুনা নদীর তীরে সেই নদীর অবস্থা শোচনীয়। সেখানকার কীটপতঙ্গের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাজমহলের দেয়াল।
নোংরা হওয়ার সমস্যা তাজমহলের জন্য নতুন নয়, এমনকি গত দু দশকে পরিষ্কারের উদ্যোগ নেয়া হয়েছে অনেক বার। কিন্তু সমস্যাটি আসলে দিন দিন প্রকটই হচ্ছে। গত জানুয়ারিতেও একবার কাদামাটি পরিষ্কার করা হয়েছে এবং বছরের শেষ দিকে আবারো পরিচ্ছন্নতা অভিযানের কথা রয়েছে।
