চলতি বছর থেকেই ক্লোন করা এবং অবৈধভাবে আমদানি করা মোবাইল হ্যান্ডসেট নেটওয়ার্ক থেকে অপসারণ করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
গত বছরের ২৯ জুলাই বিটিআরসি এক বিজ্ঞপ্তির মাধ্যমে মোবাইল ফোন হ্যান্ডসেট কেনার আগে তার বৈধতা আইএমইআই এর মাধ্যমে যাচাই করে ক্রয় এবং বিক্রেতার নিকট ক্রয় রশিদ সংগ্রহ করে তা সংরক্ষণের জন্য নির্দেশনা দিয়েছিল।
এরপর পুনরায় সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ করে গত ২৭ ফেব্রুয়ারি নতুন নির্দেশনা জারি করে কমিশন।
ওই নির্দেশনায় বিটিআরসি জানায়, গত বছরের ১ আগস্ট থেকে যেসব নকল বা ক্লোন আইএমইআই সম্বলিত ও অবৈধভাবে আমদানি করা মোবাইল হ্যান্ডসেট মোবাইল নেটওয়ার্কে যুক্ত হয়েছে সেগুলো ন্যাশনাল ইক্যুপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) এর মাধ্যমে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে। চলতি বছরের শেষ দিকে এনইআইআর চালু হবে।
বিটিআরসির স্পেকট্রাম বিভাগের পরিচালক লে. কর্নেল মোহম্মদ ফয়সল স্বাক্ষরিত আদেশে এ কথা জানানো হয়েছে।
সম্প্রতি এই সতর্কতা দিয়ে অবৈধ হ্যান্ডসেট না কিনতে গ্রাহকদের অনুরোধ করেছে বিটিআরসি।
মোবাইল ফোনের বৈধতা যাচাইয়ের পদ্ধতি:
মেসেজ অপশনে গিয়ে KYD স্পেস ১৫ ডিজিটের আইএমইআই লিখে ১৬০০২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে জানা যাবে সেটটি বৈধ কিনা। মোবাইলের বক্সে প্রিন্টেড স্টিকারে ১৫ ডিজিটের আইএমইআই পাওয়া যাবে। এছাড়া *06# ডায়াল করেও আইএমইআই জানা যাবে।

