বরগুনায় থানার মধ্যে পুলিশের জুয়ার আসর!


borguna-thana#paperslife

বরগুনার বামনা থানার মধ্যে জুয়া খেলায় প্রমাণ মিলেছে। এ ঘটনায় পুলিশের এক কর্মকর্তাসহ দুইজনকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন, বামনা থানায় কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. হুমায়ুন এবং কনস্টেবল সুমন মাহমুদ। শনিবার রাতে তাদের প্রত্যাহার করে বরগুনা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

জানা যায়, এএসআই মো. হুমায়ুন এবং কনস্টেবল সুমন মাহমুদের থানার মধ্যে জুয়া খেলার দু’টি ছবি শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপরই তাদের প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

এ বিষয়ে প্রত্যাহার হওয়া পুলিশ কর্মকর্তা মো. হুমায়ুন বলেছেন, ‘ এ বিষয়ে অস্বীকারেরতো কিছু নেই! আমরা অনেক আগে নিজেরা ব্যারাকে দুষ্টামি করেছিলাম। আমাদের নিজেদের ভিতরের একজনে সেই সময়ে গোপনে ছবি তুলে রেখেছিল এবং তা এখন প্রকাশ হয়েছে।’

জুয়া খেলার এ ঘটনা অনেক আগের জানিয়ে হুমায়ুন বলেন, ‘এজন্য আমাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।’

এদিকে, থানার মধ্যে পুলিশ সদস্যদের এমন কর্মকাণ্ডের ছবি ছড়িয়ে পড়ায় ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। থানার মধ্যে জুয়া খেলে যেসব পুলিশ সদস্য পুরো পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন- কেউ কেউ তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আবার কেউ কেউ বলেছেন, এ ঘটনার ছবি যারা ফেসবুকে প্রকাশ করেছে তাদেরও আইনের আওতায় আনা উচিত।