করোনার কারণে অন্যান্য দেশের কর্মী ও পর্যটকদের জন্য ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কুয়েত। সোমবার আরব টাইমস অনলাইনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এ সময় মানবিক দিককে বিবেচনার কথাও উল্লেখ করা হয়েছে।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল তালাল মারাফি বলেন, কুয়েতে কর্মরত প্রায় ১৭টি দেশের প্রবাসী শ্রমিক আছেন যারা নিজ দেশে গিয়ে করোনার কারণে আটকা পড়েছেন, তাদের ভিসার মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন উপপ্রধানমন্ত্রী আনাস খালেদ আল-সালেহ। স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয় এবং জেনারেল অথরিটি ফর সিভিল ইনফরমেশনের সমন্বয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তালাল মারাফি আরও বলেন, প্রাইভেট খাতের যেসব প্রবাসী কর্মী বর্তমানে কুয়েতের বাইরে রয়েছেন তাদের ভিসার মেয়াদ বাড়ানোর জন্য সংশ্লিষ্ট কোম্পানি অথবা স্পন্সরের প্রতিনিধিরা কুয়েতের সরকারি জনশক্তি কর্তৃপক্ষের কাছে বৈধ পাসপোর্টের কপি নিয়ে আবেদন করতে পারবেন।
এছাড়া ভ্রমণকারীদের ভিসার মেয়াদও দুই মাসের জন্য বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন তালাল মারাফি। নতুন এই সিদ্ধান্ত বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, লেবানন, ফিলিপাইন, চীন, হংকং, ইরান, সিরিয়া, মিসর, ইরাক, থাইল্যান্ড, ইতালি, দক্ষিণ কোরিয়া, জাপান এবং সিঙ্গাপুরের নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে জানিয়েছে কুয়েতের ওই কর্মকর্তা।
এই কর্মকর্তা আরও বলেন, পারিবারিক ভিসার ক্ষেত্রে- যারা বর্তমানে কুয়েতের বাইরে আছেন, তাদেরও ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এক্ষেত্রে তাদের বৈধ পাসপোর্ট থাকতে হবে।

