বাংলাদেশের কারাগারে ৬৭৯ বিদেশি


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

দেশের কারাগারগুলোতে বিভিন্ন দেশের ৬৭৯ জন নাগরিক বন্দি আছেন বলে জানা গেছে। প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে এসব বিদেশি সাজা ভোগ করছেন।

জানা গেছে, এদের মধ্যে ৬৫ জন সাজাপ্রাপ্ত বন্দি হিসেবে বিভিন্ন কারাগারে রয়েছেন। ৫৩২ জন কারাভোগ করছেন বিভিন্ন বিচারাধীন মামলায়। ৮২ জনের সাজা শেষ হয়ে গেলেও তারা রিলিজ প্রিজনার (আরপি) হিসেবে কারাভোগ করছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কারা অধিদফতর সূত্র থেকে এ তথ্য জানা যায়। আরো জানা যায়, আফ্রিকাসহ বিভিন্ন দেশের মানুষ বাংলাদেশে আসেন ভাগ্য বদলানোর জন্য। কেউ ট্যুরিস্ট ভিসা, কেউ স্টুডেন্ট ভিসা, আবার কেউ বিজনেস ভিসা নিয়ে বাংলাদেশে আসেন। ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও বাংলাদেশ ছেড়ে যেতে চান না তারা। আবার অনেকেই অপরাধীচক্রের সঙ্গে জড়িয়ে পড়েন।

বুধবারের (১২ ফেব্রুয়ারি) তথ্য অনুযায়ী ঢাকা কেন্দ্রীয় কারাগারে দু’জন ভারতীয়, একজন নেপালি, একজন পাকিস্তানি, একজন আমেরিকান এবং একজন স্প্যানিশ বন্দি আছেন। অন্যান্য কারাগারে ভারত, মিয়ানমার, পাকিস্তান ও আফ্রিকা অঞ্চলের বিভিন্ন দেশের নাগরিকরা রয়েছেন। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারাও হত্যা ও মাদক পাচারসহ বিভিন্ন অপরাধে জড়িত হয়ে কারাগারে রয়েছেন।

জানা যায়,  ঢাকা বিভাগের কারাগারগুলোতে বিদেশি হাজতি বন্দি রয়েছেন তিন নারীসহ ৫৮ জন। কয়েদি আছেন তিন নারীসহ ২৩ জন। রিলিজ প্রিজনার (আরপি) রয়েছেন ৫ জন। চট্টগ্রাম বিভাগের কারাগারগুলোতে সবচেয়ে বেশি বিদেশি বন্দি রয়েছেন। সেসব কারাগারে ১৩ নারীসহ ২৯৪ জন হাজতি বন্দি রয়েছেন। কয়েদি বন্দি রয়েছেন ৩২ জন পুরুষ।

খুলনা বিভাগের কারাগারগুলোতে দুই নারীসহ ১৩২ জন হাজতি বন্দি ও তিনজন কয়েদি রয়েছেন। এছাড়া, সিলেট বিভাগের কারাগারগুলোতে হাজতি ও কয়েদি ৮ জন, রাজশাহী বিভাগের কারাগারগুলোতে হাজতি ও কয়েদি ২০ জন, রংপুর বিভাগের কারাগারগুলোতে হাজতি ও কয়েদি ১০ জন, বরিশাল বিভাগের কারাগারগুলোতে ৭ জন এবং ময়মনসিংহ বিভাগের কারাগারগুলোতে ১০ জন হাজতি বন্দি রয়েছেন।