বাবার মরদেহ বাড়ি রেখে পরীক্ষার হলে মেয়ে


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

ফরিদপুরে বাবার মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে মেয়ে বিথী আক্তার। রোববার (২৩ ফেব্রুয়ারি) সদরপুর উপজেলার বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নেয় সে।

উপজেলার চন্দ্রপাড়া সুলতানিয়া উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ শিক্ষার্থী থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে বিথী।

এলাকাবাসী জানায়, ঢেউখালী ইউনিয়নের চন্দ্রপাড়ার রাজারচর কাঠতলা মোড় এলাকার বাসিন্দা আনোয়ার আলী (৫০) আজ সকালে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। দুপুরের দিকে তার জানাজার সময় নির্ধারণ করা হয়েছে। আনোয়ার আলীর দুই ছেলে ও চার মেয়ে রয়েছে।

কিন্তু বাবার মৃত্যুতে সেজ মেয়ে বিথী এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার বিষয়ে দোটানায় পড়ে। তবে সে পরীক্ষায় অংশ নেয়ার সিদ্ধান্ত নেয়। বাবাকে হারিয়ে কাঁদতে কাঁদতে পরীক্ষা দেয় সে। পরীক্ষা শেষে বিথী বাড়ি ফিরলেই বাবার দাফন কাজ শেষ হবে।

পরীক্ষায় অংশ নেয়ার আগে বিথী আক্তার জানায়, বাবা তাকে অনেক ভালোবাসতেন। বাবা চাইতেন, সে যেন পড়ালেখা করে অনেক বড় হয়। বাবার ভালোবাসা এবং স্বপ্নের জন্যই তার এ পরীক্ষা দেয়া।

পরীক্ষায় দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল বলেন, বাবাকে হারানো যে কোনো সন্তানের জন্য খুবই কষ্টদায়ক। এরপরও বিথী বাবা হারানোর কষ্ট নিয়ে পরীক্ষা দিচ্ছে। আমরা তার পরীক্ষার সময় যতটা সহযোগিতা দরকার করছি।