বাবার মৃত্যুর পর একই পরিবারের ২৮ জন করোনায় আক্রান্ত


আবারও করোনায় আক্রান্ত
আবারও করোনায় আক্রান্ত


জুনের শুরুর দিকে করোনায় আক্রান্ত হন যুক্তরাষ্ট্রের সাউথ ক্যালিফোর্নিয়ার বাসিন্দা রিচার্ড গ্যারের বাবা। দুই সপ্তাহ জীবনের সাথে সংগ্রাম করে পাড়ি জমান না ফেরার দেশে।

এরপর থেকে এখন পর্যন্ত তাদের পরিবারের ২৮ জন সদস্য কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন বলে জানা গেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন রিচার্ড গ্যারের বরাতে এই খবর প্রকাশ করে।

খবরে বলা হয়, ওই পরিবারটি এখন একই সঙ্গে সবাই করোনার মতো একটি বৈশ্বিক মহামারির কবলে পড়ে বিপর্যস্ত, যেই নভেল করোনাভাইরাসের সংক্রমণে যুক্তরাষ্ট্রজুড়ে ইতোমধ্যেই ১ লাখ ২৫ হাজারের বেশি মানুষ মারা গেছে।

২৭ বছর বয়সী রিচার্ড গ্যারে বলেন, তিনি সবার সঙ্গে তার পরিবারের মর্মান্তিক এই গল্প ভাগাভাগি করতে চান, যাতে মানুষ বুঝতে পারে এই ভাইরাস কত ভয়াবহ এবং এর প্রকোপ কতটা বাস্তব। আর এই ভাইরাস কত দ্রুত এবং কত সহজেই একজন থেকে আরেকজনে সংক্রমিত হয় তা জানুক সবাই।

গ্যারের পরিবারে আক্রান্তদের তালিকায় তার বাবা-মা, দুই বছরের এক সন্তানসহ আরও দুই শিশু সন্তান, দুই ভাই ও একজন অন্তঃসত্ত্বা বোনও রয়েছেন। শুধু তাদের নিজেদের মধ্যেই নয় ভাইরাসটির সংক্রমণ ছড়িয়েছে তাদের আত্মীয়-স্বজনদের মধ্যেও। পুরো পরিবারটি এখন করোনায় বিপর্যস্ত।