নেইমারের দলবদল নিয়ে নাটকের কমতি ছিল না। অবশেষে সব নাটক শেষে নেইমার পাড়ি জমায় ফ্রান্সের প্যারিস সেন্ট জার্মেই’তে। সেই নেইমারের স্থলাভিষিক্ত কে হচ্ছে, তা নিয়েও যেন চলছে একপ্রকার নাটক। ব্রাজিলের কৌতিনহো ও ফ্রান্সের ডেম্বেলে কে নিয়ে চলছে বর্তমান ট্রান্সফারের বড় নাটক। কে আসবে তা নিয়ে সন্দিহান ভক্ত সমর্থকরা। যদিও বার্সেলোনার পক্ষ থেকে বলা হচ্ছে দুইজনকেই আনার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে।
নেইমারকে ধরে রাখা যায় নি। কৌতিনহো, ডেম্বেলে, দিবালাকে চাচ্ছে সমর্থকরা। কিন্তু চাইনিজ ক্লাব থেকে পাউলিনহোকে কিনে বিতর্কের জন্ম দিয়েছে বার্সার প্রেসিডেন্ট বার্তেমিউ। এর ফলে রাগে-ক্ষোভে ফুঁসছে বার্সেলোনার ভক্তকুল। সোমবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে #বার্তেমিউদিমিতেইয়া (বার্তেমিউ পদত্যাগ করো) হ্যাশট্যাগ ব্যবহার করা হয় সামাজিক মাধ্যমগুলোতে। এত বেশি হ্যাশট্যাগ দিয়ে টুইট করা হয়েছে, দিন শেষে বিশ্বব্যাপী এক নম্বর ট্রেন্ডিংয়ে (আলোচিত বিষয়) স্থান করে নেয়।
সুপার কাপে বার্সাকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে রিয়াল। মেসি-সুয়ারেজদের অভিজ্ঞতার কাছে এসেনসিও-ভাসকেজ আক্ষরিক অর্থে ছেলেখেলা করল। তাই আরও জোরালো হয়েছে প্রেসিডেন্ট জোসেপ বার্তেমিউয়ের পদত্যাগের দাবি।
গোলডটকমের এক প্রতিবেদনে বলা হয়েছে, লিভারপুল এখনো কুতিনহোকে ছাড়তে রাজি নয়। যদিও ব্রাজিলিয়ান প্লে-মেকার নিজেই দলবদলের আরজি জানিয়েছেন ক্লাবের কাছে। খেলোয়াড় নিজে চাইলে তাঁকে জোর করে ধরে রাখা কঠিন হবে লিভারপুলের জন্য। বার্সাও দফায় দফায় দাম বাড়াচ্ছে। কুতিনহোর জন্য দুদফা প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ইংলিশ ক্লাবটি। যার সর্বশেষ প্রস্তাবটি ছিল ১০০ মিলিয়ন ইউরোর। এদিকে বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে এখনো নিষিদ্ধ ডেম্বেলে।
বার্সেলোনার এক কর্মকর্তা সেগুরা বলেছেন, ‘চুক্তি সম্পন্ন হওয়ার আগে আমি কিছু বলতে পারি না। আমি জানি, আমাদের দলকে সাহায্য করতে হবে, এর শক্তি ফিরিয়ে আনতে হবে। আমরা সেটাই করছি।’
সুপার কাপে রিয়ালের কাছে দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে হারল বার্সা। মৌসুম শুরুর আগেই যেন বড় ধাক্কা খেল তারা। এই অবস্থায় ম্যাচ শেষে সেগুরা বলেছেন, ‘ডেম্বেলে আর কুতিনহো দুজনই চুক্তির খুব কাছাকাছি। আমরা আশা করি, তারা শেষ পর্যন্ত বার্সার জার্সিই গায়ে তুলবে।’
