পদ্মার অস্বাভাবিক পানি বৃদ্ধি অব্যাহত থাকায় চরাঞ্চলে নদীভাঙনের ব্যাপকতা বেড়েই চলছে। আতঙ্কে রয়েছে এলাকার সাধারণ মানুষ।
মাত্র কয়েক দিনের ব্যবধানে আবারও মাদারীপুরের শিবচর উপজেলায় কাঁঠালবাড়ি সরকারি বিদ্যালয়-কাম-সাইক্লোন শেল্টার ভবনটি হেলে পড়েছে।
এর আগে পদ্মার ভয়াবহ ভাঙনে বন্দরখোলা ইউনিয়নের নুরুদ্দিন মাদবরকান্দি এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় ভবনটি নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনঝুঁকিতে রয়েছে বন্দরখোলা ইউনিয়ন পরিষদ ভবন, কমিউনিটি ক্লিনিক ভবন, কাজিরসুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাজারসহ গুরুত্বপূর্ণ স্থাপনা।
জানা যায়, মঙ্গলবার বিকালে শিবচরের চরাঞ্চল কাঁঠালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়টির দ্বিতল ভবনের একপাশ আকস্মিক ধসে পড়ে। ধসেপড়া স্কুল ভবনটির একদিকে বাঁকা হয়ে পানিতে হেলে পড়েছে। নিজস্ব উদ্যোগে জিওব্যাগ ফেলে প্রাণপণ চেষ্টা করেও শেষ রক্ষা হলো না।
এ ছাড়া ভয়াবহ ভাঙনঝুঁকিতে রয়েছে বন্দরখোলা কাজিরসুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, বন্দরখোলা ইউনিয়ন পরিষদ ভবনসহ চরের চার ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ। চরাঞ্চলে জিওব্যাগ ডাম্পিং চালিয়ে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড।
সরকারি হিসাবে নদীতে বিলীন হয়েছে চার শতাধিক ঘরবাড়ি বলা হলেও এ সংখ্যা আরও বাড়বে। এসব এলাকায় খোলা ২১টি আশ্রয়কেন্দ্রে প্রায় তিন হাজার মানুষ আশ্রয় নিয়েছেন।
পদ্মার ভয়াবহ ভাঙনে মঙ্গলবার বিকালে কাঁঠালবাড়ি সরকারি বিদ্যালয়-কাম-সাইক্লোন শেল্টার ভবনটির বৃহৎ অংশ বিলীন হয়েছে। বিদ্যালয়টিতে ২৭২ শিক্ষার্থী রয়েছে। গত কয়েক দিন ধরে বিদ্যালয়টি ভাঙনঝুঁকিতে থাকায় ভাঙন প্রতিরোধে গত শুক্রবার বিদ্যালয় পরিচালনা পরিষদ, শিক্ষকবৃন্দের উপস্থিতিতে জিওব্যাগ ডাম্পিং করা হয়।

