বাড়তি সরবরাহে নিম্নমুখী চায়ের দাম




চলতি বছরের শুরুতে টানা কয়েক মাস ধরে ঊর্ধ্বমুখী ছিল চায়ের দাম। চাহিদা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে পণ্যটির উৎপাদন কমে যাওয়া ও বাজেটে শুল্ক বৃদ্ধির প্রভাবে টানা কয়েকটি নিলামে চায়ের দাম ঊর্ধ্বমুখী ছিল।
তবে সাম্প্রতিক কয়েকটি নিলামে পণ্যটির বাড়তি সরবরাহের কারণে কমতে শুরু করেছে দাম। চা সরবরাহের পরিমাণ বর্তমান অবস্থানে স্থিতিশীল থাকলে আগামী নিলামেও পণ্যটির দাম আরো কমতে পারে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।
বাংলাদেশ টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন (বিটিটিএ) সূত্র জানায়, ১১তম নিলামে গড়ে চা বিক্রি হয়েছিল প্রতি কেজি ২২৪ টাকায়। এরপর থেকে নিলামে পণ্যটির সরবরাহ বাড়তে থাকে। কমতে শুরু করে দাম। সর্বশেষ ৮ আগস্ট অনুষ্ঠিত ১৫তম নিলামে প্রতি কেজি চা বিক্রি হয় ২০৬ টাকায়। মূলত আগের বছরের একই নিলামের তুলনায় এবারের নিলামে বাড়তি চা সরবরাহ হয়েছে। এ কারণে পণ্যটির দাম নিম্নমুখী রয়েছে। ১৬ আগস্ট চায়ের ১৬তম নিলাম অনুষ্ঠিত হবে। এ নিলামেও বাড়তি চা সরবরাহ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিটিটিএ জানায়, সর্বশেষ নিলামে (১৫তম) মোট ৫১ হাজার ১৫২ প্যাকেটে ২৮ লাখ ২ হাজার ২৩০ কেজি চা বিক্রির জন্য প্রস্তাব করা হয়, যা আগের বছরের একই নিলামের তুলনায় ছয় লাখ কেজি কম। ওই নিলামে মোট ২২ লাখ ২৫ হাজার ৭৩৬ কেজি চা সরবরাহ হয়েছিল। চলতি বছর ১৫তম নিলামে সরবরাহ করা চায়ের মধ্যে ৪৩ হাজার ৮৫৮ প্যাকেটে ২৪ লাখ ১ হাজার ৫৮৩ কেজি দানাদার ও ৭ হাজার ২৯৪ প্যাকেটে ৪ লাখ ৭৪৭ কেজি গুঁড়ো চা ছিল। সংশ্লিষ্টদের ধারণা, ১৬তম নিলামে ২৪ লাখ ৬১ হাজার ৩২০ কেজি চা সরবরাহ হতে পারে, যা আগের বছরের একই নিলামের তুলনায় দুই লাখ কেজি বেশি।
এ বিষয়ে জানতে চাইলে বিটিটিএর সাবেক সহসভাপতি আবদুল হাই বণিক বার্তাকে বলেন, বাজেটে চা আমদানিতে ট্যারিফ বাড়ানোর ঘোষণার পর থেকেই পণ্যটির দাম বেড়ে যায়। এর মধ্যে দুই মাস ধরে নিলামে চায়ের দাম ছিল সবচেয়ে বেশি। তবে সাম্প্রতিক সময়ে চায়ের সরবরাহ বেড়ে যাওয়ায় দামও কিছুটা কমে এসেছে। আগামী নিলামগুলোয় পণ্যটির বাড়তি সরবরাহ হলে দাম আরো কমে আসবে বলে তিনি মনে করছেন। বর্ষা মৌসুমে চায়ের উৎপাদন তুলনামূলক বাড়ে। পরিমিত বৃষ্টিপাত, ঠাণ্ডা আবহাওয়া এবং রাতে বৃষ্টিপাতের পর দিনে রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় সবচেয়ে ভালো মানের চা উৎপাদন হয়। এ সময় চায়ের হেক্টরপ্রতি উৎপাদনও বেড়ে যায়। এ কারণে বর্ষা মৌসুমে নিলামে চায়ের সরবরাহ বেড়ে যায়। চলতি বছর বর্ষা মৌসুমের শুরুতে অতি বৃষ্টির কারণে চায়ের উৎপাদন কিছুটা কম ছিল। বৃষ্টিপাত সহনীয় পর্যায়ে নেমে আসায় বাগান থেকে চা সরবরাহ আগের তুলনায় বেড়েছে বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা।
কয়েকটি নিলামের তথ্য পর্যালোচনা করে জানা যায়, বছরের চতুর্থ নিলামে প্রতি কেজি চায়ের গড় দাম ছিল ১৭৯ টাকা। পঞ্চম নিলামে প্রতি কেজি চা বিক্রি হয়েছিল গড়ে ১৮৬ টাকায়। এরপর থেকেই চায়ের দাম ক্রমেই বাড়তে থাকে। একপর্যায়ে পণ্যটির দাম ২২৩ টাকায় ওঠে। বাজেটে চা আমদানিতে ট্যারিফ মূল্য ১ ডলার ৬০ সেন্ট থেকে বাড়িয়ে ২ ডলার ৫০ সেন্ট এবং সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হলে বাজারে এর প্রভাব পড়ে। চা আমদানিতে শুল্ক বৃদ্ধির খবরে বাজেট-পরবর্তী প্রথম নিলামেই পণ্যটির দাম বাড়ে প্রতি কেজিতে ১৬ টাকা। একই সঙ্গে বাড়ে পণ্যটির চাহিদা ও সরবরাহ। চাহিদা থাকা সত্ত্বেও বাড়তি সরবরাহের কারণে সর্বশেষ ১৫তম নিলামে পণ্যটির দাম কমেছে।
বাজার-সংশ্লিষ্টরা জানান, ২০১৬ সালে বাংলাদেশে প্রায় সাড়ে আট কোটি কেজি চা উৎপাদন হয়েছে। কিন্তু চায়ের চাহিদা ছিল ৮ কোটি ২০ লাখ কেজি। এ কারণে সে সময় বাংলাদেশ থেকে চা রফতানি হয়েছে। বাজারে যেকোনো পণ্যের দাম নাগালের মধ্যে রাখতে চাহিদা ও সরবরাহের ভারসাম্য থাকতে হয়। একই সঙ্গে বাজার ব্যবস্থা স্থিতিশীল রাখতেও চাহিদা ও সরবরাহে ভারসাম্য রাখা জরুরি। তা না হলে চাহিদা পূরণে আমদানি করার বিকল্প নেই। বর্তমান প্রেক্ষাপটে বাজার সুরক্ষা নিশ্চিত করার জন্য দেশের চা বাগান মালিকদের মানসম্পন্ন ও অধিক পরিমাণে চা উৎপাদনে মনোযোগী হতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তা না করে উল্টো আমদানি শুল্ক বাড়ানোয় বাজার পরিস্থিতি আরো অস্থিতিশীল হয়ে পড়বে। পণ্যটির দাম বাড়লে বাড়তি মূল্যের বোঝা ভোক্তাদেরই বইতে হবে।