করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আতঙ্কে ভারতের ভুবনেশ্বর AIIMS-এর এক জুনিয়র ডাক্তারকে তার অ্যাপার্টমেন্ট খালি করে দিতে বলা হল।
সেইসাথে বাড়ি না-ছাড়লে তাকে ধর্ষণ করা হবে বলেও হাউজিং সোসাইটির কর্মী হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার খানদাগিরি থানায় অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ কমিশনার অনুপ কুমার সাহু জানিয়েছেন, ‘সোসাইটির কর্মীর বিরুদ্ধে ফৌজদারি ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা অভিযোগ খতিয়ে দেখছি।’ এ দিকে, ওই থানাতেই অভিযোগকারী ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে সোসাইটি। সাহু জানিয়েছেন, ‘সোসাইটি ওই পরিবারের বিরুদ্ধে দুর্ব্যবহার করার অভিযোগ দায়ের করেছে। তারা পালটা অভিযোগ দায়ের করেছে।’
FIR-এ মহিলা ডাক্তার অভিযোগ দায়ের করে বলেছেন, করোনাভাইরাসের রোগীদের চিকিত্সা হচ্ছে ভুবনেশ্বর এইমসে। সেখানে তিনি জুনিয়র ডাক্তার হওয়ায় তার থেকে COVID-19 ছড়িয়ে পড়তে পারে এই আশঙ্কায় তাকে বাড়ি ছাড়তে বলা হয়েছে।
বাড়ি না-ছাড়লে তাকে ধর্ষণ করা হবে বলেও ওই অফিস-বেয়ারা হুমকি দিয়েছে বলে অভিযোগ করেছেন ওই মহিলা ডাক্তার। তিনি বলেছেন, ‘আমরা সাত বছর ধরে ওই ফ্ল্যাটে আছি। কিন্তু সোসাইটির অফিস বেয়ারার, তার স্ত্রী ও দুই ছেলে আমায় বাড়ি ছাড়ার হুমকি দিয়ে হেনস্থা করতে থাকে। যেখানে সারা দেশ স্বাস্থ্যকর্মীদের প্রশংসা করছেন, সেখানে তারা আমায় বলছেন, আমি এলাকায় করোনাভাইরাস ছড়াতে পারি।’
এইসময়
পেপার’স লাইফ/নিউজ/আন্তর্জাতিক ডেস্ক

