বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ)তে যেতে অনীহা প্রকাশ করেছেন। তিনি ওই হাসপাতালকে অত্যন্ত নোংরা ও অপরিচ্ছন্ন’ বলে মন্তব্য করেছেন।
আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, খালেদা জিয়াকে দুই দিন ধরে চিকিৎসার জন্য বিএসএমএমইউ নেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু তিনি বিএসএমএমইউতে যেতে রাজি হচ্ছেন না। এ অবস্থায় সরকার বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছে।
খালেদা জিয়ার মতে, বিএসএমএমইউ পরিষ্কার–পরিচ্ছন্ন নয়। তাই সেখানে তিনি পরীক্ষা–নিরীক্ষা করাবেন না। কোনোভাবেই তাঁকে সেখানে নিতে পারবে না সরকার। তবে সরকারের পক্ষ থেকে কাল মঙ্গলবার তাঁকে হাসপাতালে নেওয়ার সব চেষ্টা করা হবে। এরপরও তিনি না গেলে সরকারের কিছু করার থাকবে না।
বিশেষায়িত ইউনাইটেড হাসপাতালে খালেদা জিয়া দীর্ঘদিন ধরে চিকিৎসা করাতেন। যেখানে চিকিৎসকেরা তাঁর স্বাস্থ্য পরীক্ষা করতেন, সেখানেই তিনি চিকিৎসা করাতে চান।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমাদের পক্ষ থেকে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়ার ব্যাপারে সবকিছু করা হচ্ছে। কিন্তু তাঁকে রাজি করানো যাচ্ছে না। তিনি বিএসএমএমইউকে “নোংরা ও অপরিচ্ছন্ন” বলছেন। মঙ্গলবার আমরা তাঁর কাছে গাড়ি নিয়ে তৈরি হয়ে যাব। এরপর না গেলে আমাদের কিছু করার থাকবে না।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘এটা তাঁর অযৌক্তিক দাবি। আমাদের জানামতে, চিকিৎসার জন্য বিএসএমএমইউর চেয়ে ভালো হাসপাতাল আর নেই। আর কারা বিধি অনুযায়ী তাঁকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা দুদিন ধরে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়ার জন্য প্রস্তুত রয়েছি, কিন্তু তিনি রাজি হচ্ছেন না। এ ক্ষেত্রে তিনি নিজেই দেরি করছেন। সরকার খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে শতভাগ আন্তরিক।’
এদিকে বিএনপিরও দাবি, বিএসএমএমইউতে খালেদা জিয়ার যথাযথ চিকিৎসা হবে না। দলের চেয়ারপারসনকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়ার দাবি জানিয়েছে বিএনপি।
উল্লেখ্য, কারাবন্দী খালেদা জিয়া ৫ জুন কারাগারে হঠাৎ পড়ে যান। তাঁর ব্যক্তিগত চিকিৎসকদের ধারণা, খালেদা জিয়ার ‘মাইল্ড স্ট্রোক’ হয়েছিল।
