বিকল বিটিসিএল সংযোগ, যোগাযোগ বন্ধ ফায়ার সার্ভিসেও




রাষ্ট্রয়াত্ত টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বিটিসিএলের একটি ‘কোর কেবল’ কাটা পড়ায় বিকল হয়ে পড়েছে দেশের বিভিন্ন অংশের কয়েক লাখ ফোন,যোগাযোগ বন্ধ ফায়ার সার্ভিসের মত জরুরি সেবা সংস্থারও। তবে যে কেউ জরুরি প্রয়োজনে ০১৭৩০৩৩৬৬৯৯, ০১৭১৩০৩৮১৮২ নম্বরে ফোন করলে কথা বলতে পারবেন।
এ বিষয়ে বিটিসিএলের পরিচালক (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ জানান, বৃহস্পতিবার রাতে মগবাজার দিলু রোডে সিটি করপোরেশনের সংস্কার কাজের মধ্যে টেলিফোনের ওই ‘কোর কেবল’ কাটা পড়ে। আমরা সকালে মেরামতের কাজ শুরু করেছি। চেষ্টা করছি যাতে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা যায়।”
বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, “এই মূল কেবল মূলত টেলিযোগাযোগের হার্টের মত। এ সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় পুরো দেশে টেলিযোগাযোগে সমস্যা তৈরি হয়েছে। সারাদেশে বিটিসিএল এর প্রায় নয় লাখ ল্যান্ড ফোন গ্রাহক আছেন, তাদের অধিকাংশই সমস্যায় পড়েছেন। একে বড় ধরনের ক্ষতি বলা যায়। অনেকে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে টেলিফোনে কথা বলতে পারছেন না। যেমন মহাখালী এলাকার গ্রাহক হয়ত শুধু মহাখালীতেই কথা বলতে পারছেন, অন্য এলাকায় ফোন দিলে কাজ হচ্ছে না। আবার মোবাইল থেকে টেলিফোনে বা টেলিফোন থেকে মোবাইলে ফোন দিতেও সমস্যা হচ্ছে। মেরামত শেষ হতে আরও কয়েক ঘণ্টা লাগতে পারে বলে জানান বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক।
সিটি করপোরেশনসহ অন্যান্যা সেবা সংস্থাকে উন্নয়ন কাজের ক্ষেত্রে সর্তকর্তা অবলম্বনের জন্য বার বার চিঠি দিলেও তারা আমলে নেয় না অভিযোগ করে তিনি বলেন, “বিভিন্ন স্থানে বারবার কেবল কাটা পড়ছে, এতে বারবার আমাদের সমস্যায় পড়তে হচ্ছে।”
এদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক আলী আহাম্মেদ খান জানান, ঢাকায় তাদের বিটিসিএল নম্বরগুলো ভোরে আকস্মিকভাবে বিকল হয়ে যায়। এসব নম্বর থেকে কোথাও ফোন করা যাচ্ছে না; আসছেও না। ফলে কোথাও অগ্নিকাণ্ড বা দুর্ঘটনা ঘটলে সেই তথ্য ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষকে জানাতে পারছেন না কেউ। ফায়ার সার্ভিস কর্মীদের নির্ভর করতে হচ্ছে দুটি মোবাইল ফোনের ওপর।