বুধবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে জেলার নেতাদের সদস্য সংগ্রহের বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন দলে কোনো বিতর্কিত ব্যক্তি অন্তর্ভূক্ত হতে পারবে না।
এছাড়াও,বর্তমানে দলের প্রাথমিক সদস্য আছেন এমন ব্যক্তি যদি বিতর্কিত হন, তখনও তিনি সদস্যপদ হারাবেন বলেও জানান কাদের।
আওয়ামী লীগে অনুপ্রবেশকারী ও বিতর্কিতদের বাদ দেয়া হবে কি না জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘এরই মধ্যে আমরা জেলা পর্যায়ে এই নির্দশনা পাঠিয়েছি, যাতে কোনো বিতর্কিত কেউ প্রাথমিক সদস্য হতে না পারে। আমাদের নতুন সদস্য সংগ্রহ বা নবায়ন কার্যক্রমে বিতর্কিত ব্যক্তিদের পরিহার করতে নির্দেশ দেয়া হয়েছে। স্পষ্টভাবে বলে দিয়েছি সন্ত্রাসী, চাঁদাবাজ, ভুমিদখলকারী, মাদক ব্যবসায়ী, স্বাধীনতাবিরোধী, অশুভ শক্তি এরা আওয়ামী লীগের সদস্য হতে পারবে না।

