বিপিএলের পঞ্চম আসর শুরু হতে বাকি মাস দুয়েক। এবারের আসর নিয়ে অনেক পরিকল্পনা থাকলেও পরিবর্তিত হচ্ছে সে সব পরিকল্পনা। জমকালো আয়োজনের মধ্য দিয়ে এবারের বিপিএল উদ্বোধনের কথা থাকলেও হচ্ছে না বিপিএল পঞ্চম আসরের উদ্বোধনী অনুষ্ঠান। সে টাকা দিয়ে দিয়ে সাহায্য করা হবে বন্যা দুর্গতদের।
বিপিএলের ৫ম আসর উপলক্ষে এবার খুব জমজমাটভাবেই আয়োজন করার পরিকল্পনা ছিল বিপিএল গভর্নিং কাউন্সলের। তবে বর্তমান পরিস্থিতির উপর বিবেচনা করে সে পরিকল্পনা বাদ দিতে হচ্ছে।
দেশের বিভিন্ন জেলা, অঞ্চল বন্যার পানিতে ডুবে আছে। সেখানে যেমন বিশুদ্ধ খাবার পানির সংকট তেমনি খাদ্যের অভাবে মানবেতর জীবনযাপন করছে অসহায়, দুস্থ বন্যা কবলিত মানুষেরা। দেশের বিভিন্ন প্রতিষ্ঠান, মানুষের উদ্দ্যোগে তাদের বেঁচে থাকার সামগ্রী পাঠানো হচ্ছে। বিপিএল কমিটিও বসে নেই। তাদের কাছে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের থেকে সেসব দুস্থ মানুষদের সাহায্য করাটাই প্রাধান্য পেয়েছে। সে কারণেই গত আসরের মত এবারও হচ্ছে না উদ্বোধনী অনুষ্ঠান।
বিপিএল পরিচালনা কমিটির চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। অবশ্য আনুষ্ঠানিক ঘোষণাটা আসতে অপেক্ষা করতে হবে আরো দুই একদিন।
সিনহা জানান, ‘আমরা মনে করেছি যে, বন্যার্তদের জন্য কিছু করা প্রয়োজন। এই চিন্তা থেকেই উদ্বোধনী অনুষ্ঠানের টাকা বন্যার্তদের জন্য খরচ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতোমধ্যেই বিসিবির একটি প্রতিনিধি সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতি দেখে এসেছে। আমরা শিগগিরই বোর্ড সভাপতির সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবো।’
এদিকে আরো কিছু পরিবর্তন আসতে পারে বলে জানান সিনহা। বরিশাল বিপিএলে অন্তর্ভুক্ত হবে কিনা তা জানা যাবে পরবর্তী সভায়।
