করোনা সংক্রমণের কারণে দেশে যাতে কেউ গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালাতে না পারে সেজন্য দলের নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এ সময় তিনি বলেন, এক শ্রেণির মতলবাজ গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।
শুক্রবার (৩ এপিল) দুপুরে ভিডিও বার্তায় তিনি এ নির্দেশ দেন। তিনি বলেন, ‘সংকটের কারণে আজ বিশ্ব এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। জাতিসংঘের মতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন ভয়াবহ সংকটের কখনও সৃষ্টি হয়নি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, দ্য ক্রাইসিস ইজ ফার ফ্রম ওভার। কবে যে সংকটের শেষ হবে তা এখনও পর্যন্ত কেউ সঠিকভাবে বলতে পারছেন না।’
অনিশ্চয়তার মধ্য দিয়ে সারা বিশ্ব এগিয়ে চলছে উল্লেখ করে তিনি বলেন, ‘দেশে দেশে সংকট আরও ঘনীভূত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই পরিস্থিতি মোকাবিলা করে যাচ্ছি অত্যন্ত ধৈর্য ও সাহসিকতার সঙ্গে। সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োচিত নির্দেশনা সরকার নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছে।’
কাদের বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী প্রশাসন, সেনাবাহিনী আমাদের নেতাকর্মী, জনপ্রতিনিধি ও দেশের বিভিন্ন শ্রেণির মানুষ সামর্থ্য অনুযায়ী সবাই এগিয়ে আসছেন।
চিকিৎসক-নার্সসহ আমাদের স্বাস্থ্যকর্মীরা তাদের ওপর দায়িত্ব যথাযথভাবে পালন করছেন।
এই সংকটকালে একশ্রেণির মতলববাজ মহল গুজব সৃষ্টির মাধ্যমে অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি তৈরি করার অশুভ পাঁয়তারা করছে। এই মহলটি দেশের এই সংকটেও অসভ্য খেলায় মেতে উঠেছে। এদের ব্যাপারে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।
তিনি বলেন, ‘খেটে খাওয়া মানুষ কষ্ট পাচ্ছেন। এদের একদিকে শেখ হাসিনার সরকার সাহায্য সহযোগিতা নিয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে আমাদের দলের প্রতিনিধি, জনপ্রতিনিধি, সমাজের বিত্তবানরা এগিয়ে এসেছেন।
পেপার’স লাইফ/নিউজ/জাতীয়

