রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকায় জঙ্গলের মধ্যে নিয়ে এক কিশোরীকে (১৪) ধর্ষণ ও ধর্ষণে সহায়তার অভিযোগে নারীসহ চারজনকে গ্রেফতার করেছে বিমানবন্দর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- আলমগীর ওরফে পায়তারা (২৬), জালাল উদ্দিন বাবু (২০), রুবেল হাওলাদার (৩০) ও ধর্ষণে সহায়তাকারী শিল্পী খাতুন।
মামলার তদন্তকারী কর্মকর্তা বিমানবন্দর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৩ মার্চ দিনগত রাত ২টার দিকে কাউলা এলাকার জঙ্গলে শিল্পীর সহায়তায় কিশোরীটিকে ধর্ষণ করা হয়। ঘটনার পরদিন শনিবার (১৪ মার্চ) বিমানবন্দর থানায় একটি মামলা করা হয়।
নূর মোহাম্মদ আরও জানান, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলাটি তদন্ত করা হয়। বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে প্রথমে ধর্ষণে সহায়তাকারী শিল্পীকে গ্রেফতার করা হয়। এরপর তার দেয়া তথ্য মতে বাবু, রুবেল ও আলমগীরকে ঢাকা ও ঢাকার আশপাশের এলাকা থেকে গ্রেফতার করা হয়।

