গত বছর প্রথমবারের মতো বিশ্বকাপ ক্রিকেটে শিরোপা জিতেছে ইংল্যান্ড। টানটান উত্তেজনার ফাইনালে বাউন্ডারি হিসেবে ম্যাচ জয় করা ইংল্যান্ডের হয়ে অসাধারণ পারফর্ম করেছিলেন জোফরা আর্চার। পেয়েছিলেন বিশ্বকাপ জয়ের মেডেল।
কিন্তু সেই মেডেল খুঁজে পাচ্ছেন না তিনি। ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী এই পেসার যে হারিয়ে ফেলেছেন তার টুর্নামেন্ট জেতা সেই মেডেলটিই! সম্প্রতি বাসা বদলাতে গিয়ে মূল্যবান বিশ্বকাপ মেডেলটি হারিয়ে বসেন।
বিবিসি রেডিও ফাইভের সঙ্গে এক লাইভে আর্চার বলেন, ‘একজন আমার একটা ছবি এঁকে পাঠিয়েছিল। সেটা দেয়ালে যেখানে লাগাই, তার ওপরই মেডেলটা ঝুলিয়ে রেখেছিলাম।’
কিন্তু বাসা বদলানোর সময় আর তার খেয়াল ছিল না সেটা আলাদা করার কথা। ফলে মূল্যবান সেই পদকটি হারিয়ে ফেলেছেন ক্যারিবীয় বংশোদ্ভূত ইংলিশ এই পেসার।
তার বিশ্বাস, বাসারই কোনো এক জায়গায় আছে সেটি। এরপর হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন, এখন পর্যন্ত পাননি।
তিনি বলেন, ‘আমি জানি এটা বাড়িতেই কোথাও থাকার কথা। আমি সব কিছুই দেখছি। কিন্তু পাচ্ছি না। এটা খুঁজতে খুঁজতে আমার পাগল হওয়ার অবস্থা।’

