করোনাভাইরাসের কারণে থমকে যাওয়া বিশ্বে স্থবির হয়ে পড়েছে ক্রীড়াঙ্গনও। সে কারণে নির্দিষ্টকালের জন্য স্থগিত রয়েছে এবারের আইপিএলও।
তাই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগের এবারের সংস্করণ শেষ পর্যন্ত মাঠে গড়াবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ সালে পিছিয়ে গেলে ওই সময়ে অর্থাৎ অক্টোবরে আইপিএল আয়োজন করতে চাইছে বিসিসিআই। বিসিসিআই সুত্রে এমন খবর জানা গেছে।
চলতি বছরে ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসার কথা। কিন্তু এই বছরের বিশ্বকাপ চলে যেতে পারে ২০২২ সালে। এমন সম্ভবনা নিয়ে জল্পনা শুরু হয়েছে। আর এই সুযোগটাই কাজে লাগাতে চাইছে সৌরভ গাঙ্গুলির বোর্ড।
গত ২৯ মার্চ শুরু হওয়ার কথা ছিল এবারের আইপিএল। কিন্তু সেই সময় করোনার প্রকোপে প্রাথমিকভাবে ১৫ এপ্রিল পর্যন্ত পিছিয়ে দেওয়া হয় আইপিএল। এরপর পরিস্থিতি আরও খারাপ হওয়ায় আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড।
আইপিএল বাতিল হলে ভারতীয় বোর্ডের প্রায় চার হাজার কোটি টাকার ক্ষতি হবে। যদি আইপিএল বাতিল হয় সেক্ষেত্রে বেতন কাটার পথে হাঁটতে পারে বিসিসিআই এমনও ইঙ্গিত দেন বোর্ড সভাপতি।

