বিশ্বে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত রোগীর সংখ্যা ৭০ লাখ ছাড়িয়ে গেছে। এছাড়া বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও ৪ লাখের কাছাকাছি পৌছেছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই ভাইরাসে আক্রান্তদের প্রায় ৩০ শতাংশ বা ২০ লাখ সংক্রমণ ঘটেছে শুধু যুক্তরাষ্ট্রে। দ্বিতীয় অবস্থানে পৌঁছে গেছে ল্যাতিন আমেরিকা, মোট আক্রান্তের ১৫ শতাংশের বেশি ওই অঞ্চলের। এছাড়া করোনাভাইরাস মহামারীতে সারা বিশ্বে যত মানুষের মৃত্যু হয়েছে তাদের এক চতুর্থাংশ হয়েছে আমেরিকায়। তবে দক্ষিণ আমেরিকায়ও মৃতের সংখ্যা দ্রুত বাড়ছে।
উল্লেখ্য, গত ১০ জানুয়ারি করোনাভাইরাসে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায় চীনের উহানে। এই রোগে মৃত্যুর সংখ্যা এক লাখে পৌঁছায় এপ্রিলের প্রথম দিকে। সেখানে মৃত্যুর সংখ্যা তিন থেকে চার লাখে পৌঁছাতে সময় লাগছে মাত্র ২৩ দিন। যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে, প্রায় এক লাখ ১০ হাজার। এখন ব্রাজিলে মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়ছে এবং তারা প্রাণহানিতে যুক্তরাজ্যকে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থানে চলে যেতে পারে।

