পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর রাজধানী ওয়াগাদুগুর কেন্দ্রস্থলে একটি রেস্তোরায় জঙ্গি হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছে। আহত আটজন। হতাহত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চত হওয়া যায়নি।
গতকাল রবিবার স্থানীয় সময় রাত নয়টার দিকে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, কাওয়াম এনকুমার অ্যাভিনিউয়ের হোটেল ব্রাভিয়া ও আজিজ ইস্তাম্বুল নামের একটি রেস্তোঁরার বাইরে ক্রেতারা বসে ছিল। এ সময় তিনজন বন্দুকধারী তাদের ওপর গুলি ছোড়ে। এ ঘটনার পর সেনাবাহিনী জায়গাটি ঘিরে ফেলে। ওয়াগাদুগুতে অবস্থিত মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।
সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, হামলায় ১৭ জন নিহত হয়েছেন। তাদের জাতীয়তা এখনও নিশ্চিত করা যায়নি। আটজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন তুরস্কের নাগরিক আছেন।
