বৈশ্বিক ইস্পাত উৎপাদন বাড়ছে



২০১৭ সালে বৈশ্বিক ইস্পাত উৎপাদন খাতে প্রবৃদ্ধির দেখা মিলেছে। একই প্রবণতা দেখা গেছে ২০১৮ সালের শুরুতেও। এ ধারাবাহিকতায় চলতি বছরের ফেব্রুয়ারিতে বিশ্বজুড়ে অপরিশোধিত ইস্পাত উৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় সাড়ে ৩ শতাংশ বেড়েছে। এ সময় বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদনকারী দেশ চীনে পণ্যটির উৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৬ শতাংশ বেড়ে ১৩ কোটি টন ছাড়িয়ে গেছে।
এ সময় প্রবৃদ্ধির ধারা বজায় ছিল ভারত, যুক্তরাষ্ট্র ছাড়াও লাতিন আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর ইস্পাত উৎপাদন খাতে। অন্যদিকে গত ফেব্রুয়ারিতে জাপান ও দক্ষিণ কোরিয়ায় ইস্পাত উৎপাদন আগের তুলনায় কমেছে। গতকাল প্রকাশিত ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশনের (ডব্লিউএসএ) সর্বশেষ মাসভিত্তিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ডব্লিউএসএর প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৮ সালের ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠানটির আওতাধীন ৬৪টি দেশে সব মিলিয়ে ১৩ কোটি ১৮ লাখ টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৫ শতাংশ বেশি। তবে আগের বছরের একই সময়ের তুলনায় বাড়লেও চলতি বছরের প্রথম মাসের তুলনায় ফেব্রুয়ারিতে বৈশ্বিক ইস্পাত উৎপাদন ৭৬ লাখ টন কমেছে। গত জানুয়ারিতে বিশ্বব্যাপী ১৩ কোটি ৯৪ লাখ টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন হয়েছিল।
২০১৭ সালের তালিকা অনুযায়ী বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদনকারী দেশ চীন। পণ্যটির বৈশ্বিক চাহিদার প্রায় অর্ধেক দেশটি এককভাবে জোগান দেয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে চীনের ইস্পাত উৎপাদন খাতে প্রবৃদ্ধির দেখা মিলেছে। এ সময় দেশটিতে মোট ৬ কোটি ৪৯ লাখ টন ইস্পাত উৎপাদন হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে ডব্লিউএসএ, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৯ শতাংশ বেশি। তবে মাসভিত্তিক হিসাবে চীনের ইস্পাত উৎপাদন খাতে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। চলতি বছরের জানুয়ারিতে দেশটিতে মোট ৬ কোটি ৭০ লাখ টন ইস্পাত উৎপাদন হয়েছিল। সে হিসাবে এক মাসের ব্যবধানে চীনে পণ্যটির উৎপাদন কমেছে প্রায় ২১ লাখ টন।
ইস্পাত উৎপাদনকারীদের শীর্ষ তালিকায় চীনের পরই যথাক্রমে জাপান ও ভারতের অবস্থান। গত ফেব্রুয়ারিতে জাপানে মোট ৮৩ লাখ টন ইস্পাত উৎপাদন হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় দশমিক ৫ শতাংশ কম। জানুয়ারিতে দেশটিতে ৯০ লাখ টন ইস্পাত উৎপাদন হয়েছিল। অন্যদিকে চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতে মোট ৮৪ লাখ টন ইস্পাত উৎপাদন হয়েছে। এক বছরের ব্যবধানে দেশটিতে পণ্যটির উৎপাদন ৩ দশমিক ৪ শতাংশ বেড়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে ডব্লিউএসএ। গত জানুয়ারিতে ভারতেও ৯০ লাখ টন ইস্পাত উৎপাদন হয়েছিল। অর্থাৎ মাসভিত্তিক হিসাবে এক মাসের ব্যবধানে জাপান ও ভারতে পণ্যটির উৎপাদন যথাক্রমে সাত লাখ টন ও ছয় লাখ টন কমেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে ইস্পাত উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ৬৪ লাখ টনে, যা আগের বছরের একই সময়ের তুলনায় দশমিক ৪ শতাংশ বেশি। তুরস্কে পণ্যটির উৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৭ শতাংশ বেড়ে ৩০ লাখ টন ছাড়িয়ে গেছে। অন্যদিকে ফেব্রুয়ারিতে ব্রাজিলে মোট ২৭ লাখ টন ইস্পাত উৎপাদন হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৫ শতাংশ বেশি।
এদিকে ইইউভুক্ত দেশগুলোর মধ্যে ইতালিতে চলতি বছরের ফেব্রুয়ারিতে ইস্পাত উৎপাদন সবচেয়ে বেশি বেড়েছে। এ সময় দেশটিতে মোট ২১ লাখ টন ইস্পাত উৎপাদন হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৫ শতাংশ বেশি। ফ্রান্সে গত মাসে পণ্যটির উৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় ১ শতাংশ বেড়ে ১৩ লাখ টন ছাড়িয়ে গেছে। অন্যদিকে ফেব্রুয়ারিতে স্পেনে মোট ১১ লাখ টন ইস্পাত উৎপাদন হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় দশমিক ৪ শতাংশ বেশি।