বিশ্বের জ্বালানী বাণিজ্যে ক্রমেই বাড়ছে চীনের আধিপত্য। বিশেষত বিপুল পরিমাণ কয়লা ও অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন এবং দেশটির ক্রমবর্ধমান বাজারে জ্বালানি পণ্যের বাড়তি চাহিদার কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে চীনকে শক্তিশালী ফ্যাক্টর বিবেচনা করা হয়।
এমনকি বিকল্প জ্বালানি ব্যবহারের বৈশ্বিক প্রবণতার মাঝেও চীন এ খাতে নিজেদের প্রভাব বজায় রেখেছে। ২০৪০ সাল নাগাদ বৈশ্বিক জ্বালানি বাণিজ্যে চীনের এ প্রভাব ও শক্তি আরো জোরালো হবে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।
বৈশ্বিক জ্বালানি বাণিজ্যে চীনের ক্রমবর্ধমান আধিপত্যকে ব্যাখ্যা করতে গিয়ে ব্লুমবার্গ বিজনেস উইকের এক প্রতিবেদনে বিশ্লেষক লিয়াম ডেনিং দুটি বিষয়কে চিহ্নিত করেছেন। প্রথমত. জ্বালানি বাণিজ্যে চীনের ক্রমবর্ধমান বিনিয়োগ এবং দ্বিতীয়ত. অভ্যন্তরীণ বাজারে জ্বালানি পণ্যের চাহিদা বৃদ্ধি।
লিয়ামের মতে, এ দুটি বিষয়ের ওপর নির্ভর করে ২০৪০ সাল নাগাদ বৈশ্বিক জ্বালানি বাণিজ্যে চীন সবচেয়ে শক্তিশালী ফ্যাক্টর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির (আইইএ) প্রতিবেদনের বরাত দিয়ে লিয়াম জানান, ২০৪০ সাল নাগাদ প্রাকৃতিক গ্যাস খাতে চীন বছরে ৪ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে। একই সঙ্গে অপরিশোধিত জ্বালানি তেলের বাণিজ্যে চীনা বিনিয়োগ বছরে ৩ হাজার কোটি ডলার ছাড়িয়ে যাবে। বর্তমানে বিশ্বব্যাপী বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ছে। মূলত পরিবেশদূষণ রোধ ও জলবায়ু পরিবর্তনজনিত সচেতনতা বৃদ্ধির ফলে জৈব জ্বালানির পরিবর্তে বিকল্প ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের প্রচারণা বেড়েছে।
ইউরোপের দেশগুলোর পাশাপাশি বিশ্বের অন্যতম শীর্ষ কার্বন নিঃসরণকারী দেশ হিসেবে চীনও এ পথে ঝুঁকেছে। স্বাভাবিকভাবেই বিকল্প ও নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনের বিনিয়োগ বেড়েছে। ২০৪০ সাল নাগাদ বায়ু ও সূর্যের শক্তি ব্যবহার করে জ্বালানি উৎপাদন খাতে দেশটি বছরে প্রায় ৬ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে বলে জানিয়েছে আইইএ। এছাড়া ২০৪০ সাল নাগাদ জলবিদ্যুৎ প্রকল্পে চীনের বিনিয়োগ ২ হাজার কোটি ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময়ের মধ্যে জ্বালানি পণ্যের উত্তোলন-পরিশোধনসহ সামগ্রিক জ্বালানি বাণিজ্যে চীনের মোট বিনিয়োগ দাঁড়াবে প্রায় ৬ লাখ ৪০ হাজার ডলারে, যা বৈশ্বিক জ্বালানি বাণিজ্যে দেশটির বিদ্যমান শক্তিশালী অবস্থান আরো জোরালো করবে বলে মনে করছেন তিনি।
সাম্প্রতিক সময়ে চীনের অর্থনৈতিক বিকাশ ভিন্নমাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের সর্বোচ্চ অর্থনীতির দেশ হওয়ার প্রতিযোগিতায় দ্রুত অগ্রগতি অর্জন করছে বেইজিং। অর্থনৈতিক বিকাশের সঙ্গে পাল্লা দিয়ে দেশটিতে বাড়ছে জ্বালানি চাহিদাও। একই সঙ্গে জনসংখ্যার নিরিখে বিশ্বের সবচেয়ে বড় বাজারের এ দেশটিতে জ্বালানি পণ্যের বাড়তি চাহিদা বৈশ্বিক জ্বালানি বাণিজ্যে চীনের আধিপত্য বাড়াতে ভূমিকা রাখছে। লিয়াম ডেনিং বলেন, বর্তমান বিশ্বে ব্যক্তিগত গাড়ির সবচেয়ে বড় বাজার চীন। যত দিন যাচ্ছে দেশটির পরিবহন খাতের পরিধি ততই বাড়ছে। স্বাভাবিকভাবে ১৫০ কোটি জনসংখ্যার দেশটিতে বাড়ছে জ্বালানি চাহিদা। এর ধারাবাহিকতায় আগামী দুই দশকে চীনে জ্বালানি পণ্যের চাহিদা বর্তমানের তুলনায় বেড়ে প্রায় দ্বিগুণ হবে।
২০৪০ সাল নাগাদ চীনের শিল্প খাতে জ্বালানি চাহিদা পূরণে বছরে ৭৯ কোটি টন জ্বালানি তেল প্রয়োজন হবে। বর্তমানে বেইজিং আমদানিনির্ভর জ্বালানিনীতি মেনে চলছে। ক্রমবর্ধমান চাহিদা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে দেশটি জ্বালানি চাহিদা পূরণে অভ্যন্তরীণ উেসর প্রতি বেশি গুরুত্ব দেবে। ফলে একদিকে দেশটির জ্বালানি উত্তোলন খাতে বিনিয়োগ বাড়বে, অন্যদিকে নিজস্ব ব্যবহারের পর দেশটি থেকে অতিরিক্ত জ্বালানি পণ্য আন্তর্জাতিক বাজারে রফতানির পথ সুগম হবে। বিশেষত পূর্ব ও মধ্য এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মিত্রদেশগুলো চীনের জ্বালানি বাণিজ্যের অন্যতম প্রধান ক্রেতা হিসেবে আত্মপ্রকাশ করবে।
