আক্ষেপ থেকে নিজেকে তৈরি করা, সেরা হয়ে ওঠা – স্টুয়ার্ট ব্রডের ক্ষেত্রে তাই যেন প্রযোজ্য।টিম কম্বিনেশনের কথা বলে সাউদাম্পটনের সিরিজের প্রথম ম্যাচের একাদশে রাখা হয়নি ডানহাতি পেসার স্টুয়ার্ট ব্রডকে।
বাদ পড়ার হতাশা ও ক্ষোভ প্রকাশ্যেই সংবাদ মাধ্যমে উগরে দিয়েছিলেন তিনি। সুযোগ পেয়েছেন পরের দুই ম্যাচে। আর টিম ম্যানেজম্যান্টের ওপর থাকা রাগের আগুন পুরোটা ঢেলে দিয়েছেন ক্যারিবীয় ব্যাটসম্যানদের ওপর।
দ্বিতীয় টেস্টে ৬ উইকেট নিয়ে রেখেছিলেন ইংল্যান্ডের সমতা ফেরানোয় বড় ভূমিকা। ধারাবাহিকতা ধরে রেখে এবার পুরো ম্যাচটাই নিজের করে নিচ্ছেন ব্রড। প্রথম ইনিংসে শিকার করেছেন ৩১ রানে ৬ উইকেট, তৃতীয় দিন শেষ হওয়া পর্যন্ত দ্বিতীয় ইনিংসে তার শিকার আরও ২ উইকেট। এর সঙ্গে আবার যোগ করুন ব্যাট হাতে ৪৫ বলে ৬২ রানের ঝড়ো এক ইনিংস।
সব কিছু ছাপিয়ে নতুন এক মাইলফলক অর্জনের অপেক্ষায় আছেন এই ইংলিশ পেসার। দাঁড়িয়ে আছেন টেস্ট ক্যারিয়ারের ৫০০ উইকেটের দোরগোড়ায়।
সিরিজ শুরুর আগে তার শিকার ছিল মোট ৪৮৫ উইকেট। এখ নও পর্যন্ত চার ইনিংসে ১৪ উইকেট নিয়ে এটিকে ৪৯৯’তে নিয়ে গেছেন ব্রড।
সিরিজের শেষ টেস্টের এখনও বাকি দুই দিন। তবে ইংল্যান্ডের জয়ের জন্য বাকি আর ৮ উইকেট। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজকে করতে হবে আরও ৩৮৮ রান। ক্যারিবীয়দের দ্বিতীয় ইনিংসের প্রথম দুই উইকেট নিয়েছেন ব্রডই। আজ আর মাত্র ১ উইকেট পেলেই কাঙ্ক্ষিত মাইলফলকে পৌঁছে যাবেন এ পেসার।
বিশ্বের সপ্তম বোলার, চতুর্থ পেসার এবং দ্বিতীয় ইংলিশ ক্রিকেটার হিসেবে টেস্টে ৫০০ উইকেট হবে ব্রডের। তার আগে এ মাইলকফলকে পৌঁছেছেন মুত্তিয়াহ মুরালিধরন (৮০০), শেন ওয়ার্ন (৭০৮), অনিল কুম্বলে (৬১৯), জেমস অ্যান্ডারসন (৫৮৯), গ্লেন ম্যাকগ্রা (৫৬৩) ও কোর্টনি ওয়ালশ (৫১৯)।

